নন্দীগ্রামে বড় ভাঙন! ভোটের মুখে মমতার দাপুটে নেতাকে নিজের ডেরায় টানলেন শুভেন্দু

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের হাই-ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। গতবার খোদ মুখ্যমন্ত্রীকে হারিয়ে জয়ী হওয়া শুভেন্দু অধিকারী এবারও নিজের গড় রক্ষায় মরিয়া। তবে এবার লড়াইয়ের কৌশল বদলেছে তৃণমূল। কোনো হেভিওয়েট প্রার্থী নয়, বরং দলছুট নেতা পবিত্র করকে ময়দানে নামিয়ে শুভেন্দুকে ব্যতিব্যস্ত রাখার ছক কষেছে জোড়াফুল শিবির। কিন্তু সেই কৌশলে জল ঢেলে রবিবার নন্দীগ্রামে তৃণমূলেরই ঘরে বড়সড় ভাঙন ধরালেন রাজ্যের বিরোধী দলনেতা।

রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় এক বিশেষ কর্মসূচিতে স্থানীয় এক দাপুটে তৃণমূল নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন শুভেন্দু অধিকারী। এই যোগদানকে কেন্দ্র করে গেরুয়া শিবিরে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দলবদলের পর শুভেন্দু হুঙ্কার দিয়ে বলেন, “নন্দীগ্রামের মানুষ বেইমানদের জায়গা দেবে না। তৃণমূল এখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।” রেয়াপাড়ার এই ভাঙন তৃণমূলের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

যোগদান পর্ব সেরে এদিনই নন্দীগ্রামের বয়াল এলাকায় নির্বাচনী প্রচার সারেন শুভেন্দু। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি কেন্দ্রীয় প্রকল্পের সুফল এবং রাজ্যের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পবিত্র করকে প্রার্থী করে নিচুতলার ভোট নিজেদের দিকে টানার যে চেষ্টা করছে, শুভেন্দু একের পর এক তৃণমূল নেতাকে দলে টেনে সেই জমিই কেড়ে নিচ্ছেন। ২৩ ও ২৯ এপ্রিলের মহারণে নন্দীগ্রাম কার দিকে ঝুঁকে থাকে, এখন সেটাই দেখার।