দাম বাড়তে পারে বিমান টিকিটের! অভ্যন্তরীণ রুটে ভাড়ার ‘ঊর্ধ্বসীমা’ প্রত্যাহার করল কেন্দ্র

সোমবার, ২৩ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটের বিমান ভাড়ার ওপর থাকা ঊর্ধ্বসীমা (Fare Cap) প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। গত বছর ডিসেম্বরে ইন্ডিগো বিমানের বড়সড় ফ্লাইট বিপর্যয়ের পর যাত্রীদের স্বার্থ রক্ষায় টিকিটের দামের ওপর একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছিল অসামরিক বিমান চলাচল মন্ত্রক। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেই নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত? মন্ত্রকের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, গত ৬ ডিসেম্বর ২০২৫-এ ইন্ডিগোর সংকটের সময় বিমান সংস্থাগুলি আকাশছোঁয়া ভাড়া নিতে শুরু করেছিল। তখন ৫০০ কিমি পর্যন্ত দূরত্বের জন্য ৭,৫০০ টাকা এবং ১,৫০০ কিমি-র বেশি দূরত্বের জন্য ১৮,০০০ টাকা সর্বোচ্চ ভাড়া ধার্য করা হয়েছিল। বর্তমানে বিমানের আসন সংখ্যা এবং পরিষেবা স্বাভাবিক হয়ে আসায় এই অস্থায়ী ক্যাপ সরিয়ে নেওয়া হচ্ছে।

সতর্কবার্তা মন্ত্রকের: ভাড়ার সীমা তুলে নিলেও বিমান সংস্থাগুলিকে কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে, ভাড়ার হার যেন ‘যুক্তিসঙ্গত ও স্বচ্ছ’ হয় এবং বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। বিশেষ করে উৎসবের মরসুম বা জরুরি পরিস্থিতিতে অযৌক্তিক দাম বাড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিমান ভাড়ার গতিপ্রকৃতির ওপর রিয়েল-টাইম নজরদারি জারি রাখবে সরকার।