দেশজুড়ে ১০০টি নতুন সেনা স্কুল! এনসিসি ক্যাডারের সংখ্যাও বাড়াচ্ছে কেন্দ্র, বড় ঘোষণা রাজনাথ সিংয়ের

দেশ গঠন ও যুবসমাজের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উত্তরাখণ্ডের সৈনিক স্কুল ঘোরখালের হিরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, কেন্দ্র দেশজুড়ে ১০০টি নতুন সৈনিক স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলের অধীনে এই স্কুলগুলি পরিচালিত হবে।

এনসিসি ক্যাডারে বড় লাফ: রাজনাথ সিং জানান, ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC)-এ ক্যাডারের সংখ্যা ১৭ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হবে। এই সিদ্ধান্তের ফলে আরও ৩ লক্ষ যুবক শৃঙ্খলাপরায়ণ জীবন এবং নেতৃত্বের পাঠ নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, “শূন্যপদ বাড়ানো হয়েছে যাতে আরও বেশি শিশু জাতি গঠনের প্রক্রিয়ায় শামিল হতে পারে।”

প্রস্তুতির বার্তা: প্রতিরক্ষামন্ত্রী সৈনিক স্কুল ঘোরখালের ঐতিহ্যের প্রশংসা করে জানান, এই প্রতিষ্ঠানটি থেকে ২,০০০-এর বেশি ক্যাডেট সিডিএস (CDS) এবং এএফক্যাট (AFCAT)-এর মতো পরীক্ষায় সফল হয়েছেন। পড়ুয়াদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো। মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতাই চ্যালেঞ্জ মোকাবিলার আসল অস্ত্র।”