তেল-গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে মরিয়া কেন্দ্র! ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছল দু’টি দানবীয় জাহাজ, কমতে পারে ঘাটতির আশঙ্কা

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড় স্বস্তি এল কর্ণাটকের ম্যাঙ্গালুরু বন্দরে। শনিবার গভীর রাতে রাশিয়া থেকে ৯৬,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে বন্দরে ভিড়েছে বিশাল জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ (Aqua Titan)। অন্যদিকে, রবিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১৬,০০০ মেট্রিক টন এলপিজি (LPG) নিয়ে পৌঁছেছে আর একটি জাহাজ ‘পিক্সিস পাইওনিয়ার’ (Pyxis Pioneer)।
রাশিয়া ও আমেরিকা থেকে জোগান: রাশিয়ার প্রিমর্স্ক বন্দর থেকে আসা ‘ইউরাল’ তেল সরাসরি এমআরপিএল (MRPL) শোধনাগারে পাঠানো হচ্ছে। একই সঙ্গে, আমেরিকা থেকে আসা এলপিজি ম্যাঙ্গালুরুর ‘ইজিস’ (Aegis) গ্যাস সংরক্ষণাগারে মজুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নিউ ম্যাঙ্গালুরু বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে এই খালাস প্রক্রিয়া চলছে।
সরবরাহ নিয়ে আশার আলো: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এলপিজি খাত কিছুটা সংবেদনশীল হলেও দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বর্তমানে দৈনিক প্রায় ৫৫-৫৬ লক্ষ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতার মধ্যে রাশিয়া ও আমেরিকা থেকে এই বিপুল পরিমাণ জ্বালানি আসায় দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।