ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম! রাতের অন্ধকারে কাটা গেল শ্রীরামচন্দ্রের মূর্তির মাথা, শুভেন্দুর নিশানায় রাজ্য সরকার

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারো শিরোনামে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। রামনবমীর প্রস্তুতির মাঝেই নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ১২২ নম্বর বুথের কাছে বাসস্ট্যান্ডে নির্মাণাধীন শ্রীরামচন্দ্রের মূর্তির মাথা কেটে নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুভেন্দুর তোপ ও রাজনৈতিক তরজা: ঘটনার প্রতিবাদে সমাজ মাধ্যমে সরব হয়েছেন বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনাকে ‘তোষণ রাজনীতির ফল’ বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেছেন। শুভেন্দুর দাবি, সনাতনীদের ওপর হামলা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তাই এর জন্য দায়ী। অন্যদিকে, তৃণমূল শিবিরের দাবি, ভোটের আগে ধর্মীয় মেরুকরণ করতেই এই ধরনের চক্রান্ত করা হতে পারে।
উত্তপ্ত পরিস্থিতি: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মূর্তির কাজ প্রায় শেষের দিকে ছিল। সকালে মূর্তির মাথাহীন দেহ দেখে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। নির্বাচন যত এগোচ্ছে, নন্দীগ্রামের এই ঘটনা রাজনৈতিক পারদকে আরও বাড়িয়ে দিচ্ছে।