আইপিএল ২০২৬-এ অগ্নিপরীক্ষা! পারফর্ম না করলেই ২০২৭ বিশ্বকাপের দরজা বন্ধ? বিসিসিআই-এর ‘গোপন তালিকায়’ নাম রয়েছে ২০ তারকার

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল ২০২৬ এবার ভারতীয় ক্রিকেটারদের জন্য শুধু বিনোদন নয়, বরং জাতীয় দলে টিকে থাকার লড়াই। বিসিসিআই সূত্রের খবর, প্রধান নির্বাচক অজিত আগরকর এবং তাঁর কমিটি ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারের একটি ‘কোর গ্রুপ’ তৈরি করেছেন, যাদের ওপর ভিত্তি করে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দল গড়া হবে। এই তালিকায় থাকা কোনো তারকা যদি আইপিএলে ব্যর্থ হন বা ফিটনেস হারান, তবে তাঁর বিশ্বকাপের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যেতে পারে।

নির্বাচকদের ‘গোপন ফিল্ড রিপোর্ট’ পুরো আইপিএল জুড়ে নির্বাচকরা ভাগ হয়ে বিভিন্ন শহরের ম্যাচ দেখবেন। অজিত আগরকর মুম্বইয়ে, এসএস দাস কলকাতায় এবং প্রজ্ঞান ওঝা বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে উপস্থিত থেকে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর প্রতি সপ্তাহে ‘গোপন রিপোর্ট’ জমা দেবেন। চাপের মুখে কারা ভেঙে পড়ছেন আর কারা জ্বলে উঠছেন—তা দেখাই হবে মূল লক্ষ্য।

আফগানিস্তান টেস্ট ও ফিটনেস সতর্কতা আইপিএল শেষ হতেই জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে টেস্ট খেলতে নামবে ভারত। রোহিত, কোহলি, বুমরা এবং সিরাজের মতো সিনিয়রদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষ করে বুমরা ও সিরাজের ফিটনেস নিয়ে বোর্ড কোনো ঝুঁকি নিতে রাজি নয়। আইপিএলে তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপরই নির্ভর করবে আসন্ন দীর্ঘ টেস্ট মরসুমের ভাগ্য।