নির্বাচনী মহাযুদ্ধের দামামা! উত্তর থেকে মমতা আর দক্ষিণ থেকে অভিষেকের দ্বিমুখী আক্রমণ, কাঁপবে বাংলা!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে কোমর বেঁধে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তাঁর প্রচার অভিযান শুরু করছেন, অন্যদিকে দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারীর গড়ে মরণ-পণ লড়াইয়ে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণের আগে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসক দল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ দিনের সফরসূচি:
-
২৪ মার্চ: আলিপুরদুয়ার থেকে প্রচার শুরু। ওই দিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে জনসভা।
-
২৫ মার্চ: রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদহে প্রচার ও মালদহে রাত্রিবাস।
-
২৬ মার্চ: নবগ্রাম, খড়গ্রাম, ময়ূরেশ্বর ও পাণ্ডবেশ্বরে সভা। রাত্রিবাস দুর্গাপুরে।
-
২৭ মার্চ: পুরুলিয়ার কাশীপুর, ছাতনা ও ওন্দায় জনসভা।
-
২৮ মার্চ: কোতুলপুর (জয়পুর ব্লক) এবং গড়বেতায় জোড়া সভা।
অভিষেকের ‘পাখির চোখ’ নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুরে এবার বড় চমক দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ মার্চ নন্দীগ্রামে মেগা কর্মীসভা দিয়ে প্রচার শুরু করবেন তিনি। ২৭ মার্চ পাঁশকুড়া পূর্বে জনসভা এবং ৩০ মার্চ কাঁথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন তিনি। নন্দীগ্রামে শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে তৃণমূল যে চাল দিয়েছে, তাকে সফল করতেই অভিষেকের এই ঘনঘন মেদিনীপুর সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।