পবিত্র বনাম শুভেন্দু: মেদিনীপুরের মাটিতে রণহুঙ্কার অভিষেকের, এবার কি উল্টে যাবে নন্দীগ্রামের ফলাফল?

পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে এবার মহাপ্রলয়ের সংকেত। রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম পুনর্দখল করতে এবার সরাসরি ময়দানে নামছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তাঁরই একসময়ের ছায়াসঙ্গী পবিত্র করকে প্রার্থী করে তৃণমূল যে চমক দিয়েছিল, তাকে পূর্ণতা দিতে এবার তিনটি বড় কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক।
২৫ মার্চ থেকে শুরু ‘মিশন নন্দীগ্রাম’ তৃণমূল সূত্রে খবর, আগামী ২৫ মার্চ নন্দীগ্রামে একটি মেগা কর্মীসভার মাধ্যমে জেলা সফর শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলীয় কর্মীদের রণকৌশল বাতলে দেবেন তিনি। এরপর ২৭ মার্চ পাঁশকুড়া পূর্বে এক বিশাল জনসভায় সাধারণ মানুষের মুখোমুখি হবেন অভিষেক। সবশেষে ৩০ মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর খাসতালুকে বিজেপিকে ধরাশায়ী করতেই এই রুদ্ধদ্বার বৈঠকের পরিকল্পনা।
পবিত্র বনাম শুভেন্দু: ভূমিপুত্রের লড়াইয়ে শান ২০২১ সালে নন্দীগ্রামে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। এবার লড়াই আরও কঠিন, কারণ শুভেন্দু অধিকারী এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও তাঁকে চ্যালেঞ্জ জানাতে লড়ছেন। পালটা চালে নন্দীগ্রামের অলিগলি চেনা ‘ভূমিপুত্র’ তথা প্রাক্তন প্রধান পবিত্র করকে দাঁড় করিয়েছে তৃণমূল। একসময় শুভেন্দুর অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পবিত্র এখন ঘাসফুল শিবিরের অন্যতম বড় ভরসা। পবিত্রকে জেতাতে এবং অধিকারীদের দুর্গ ভাঙতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর মেদিনীপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।