সপ্তমীর আগেই মহা-উত্তেজনা! সোমবার বেরোচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, জেলায় জেলায় কার্ফিউর পরিস্থিতি?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট বাজার আগেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যে দীর্ঘ টালবাহানা চলছিল, তার প্রথম দফার সমাধান হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার (২৩ মার্চ)। নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার বিকেলে প্রকাশিত হবে প্রথম ‘সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট’। কিন্তু এই তালিকা প্রকাশের পর রাজ্যে বড়সড় অশান্তির আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ-প্রশাসনকে চরম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জমায়েত নিষিদ্ধ, পুলিশকে বিশেষ পাওয়ার নবান্নর স্বরাষ্ট্র দপ্তর থেকে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর কোথাও বড় আকারের জমায়েত করা যাবে না। বিশেষ করে যে সব এলাকায় ভোটার তালিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ ছিল, সেখানে কড়া নজরদারি চালাতে হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০ মার্চ পর্যন্ত প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার বিচারাধীন নামের নিষ্পত্তি হয়েছে। তবে এখনও প্রায় ৩৩ লক্ষ নামের নিষ্পত্তি বাকি। প্রতিদিন গড়ে ২ লক্ষ করে কেস নিষ্পত্তি করা হচ্ছে। সোমবারের পর আগামী শুক্রবার (২৭ মার্চ) দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে।

বালি থেকে বরাহনগর: ভোটের আগেই রণক্ষেত্র তালিকা জটের মাঝেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন এলাকা। বালিতে বিজেপির প্রার্থী হিসেবে সঞ্জয় সিংয়ের নাম ঘোষণার পরেই দলে ধস নেমেছে। শতাধিক বিজেপি কর্মী তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে, বরাহনগরের আলমবাজারে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে দলীয় কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাবে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। রাজারহাট-গোপালপুরে আবার প্রচারে ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তেওয়ারি। সব মিলিয়ে ভোটের আবহ এখন তুঙ্গে।