সপ্তমীর আগেই মহা-টানটান! সোমবার বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, জেলায় জেলায় অশান্তির আশঙ্কায় নবান্নর চিঠি!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সবথেকে বড় মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে সোমবার। ওইদিন বিকেলেই প্রকাশিত হতে পারে বহু প্রতীক্ষিত ‘সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট’। এই লিস্ট ঘিরেই এখন রাজ্যজুড়ে চরম উত্তেজনার পারদ। নবান্ন সূত্রের খবর, প্রায় ২৭ থেকে ২৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। সোমবারের লিস্টে যাঁদের নাম উঠবে না, তাঁদের ক্ষোভ আছড়ে পড়তে পারে রাস্তায়। এই আশঙ্কায় তড়িঘড়ি সমস্ত জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) সতর্কবার্তা পাঠাল নবান্নের স্বরাষ্ট্র দপ্তর।

ডিএম-দের কড়া নির্দেশ ও স্পর্শকাতর এলাকায় নজর নবান্ন থেকে পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে যে সমস্ত এলাকায় ভোটার তালিকা নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও ভিড় জমতে দেখলে বা বিক্ষোভের আঁচ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা পুলিশ ও কলকাতা পুলিশকে।

রাজ্য মুড়ে ফেলছে আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এবার কোনো ঝুঁকি নিতে নারাজ। ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। কমিশন সূত্রে খবর, ধাপে ধাপে আরও ২ হাজার কোম্পানি বাহিনী আসবে, যার ফলে মোট জওয়ানের সংখ্যা পৌঁছাতে পারে প্রায় আড়াই লক্ষে। রবিবার সকালেই মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরে ‘জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি’র বৈঠক ডাকা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঠিক বিন্যাস এবং মোতায়েন নিয়েই হবে এই আলোচনা। কমিশন সাফ জানিয়েছে, কোনো বুথে ওয়েবকাস্টিং আধ ঘণ্টার বেশি বন্ধ থাকলে সেখানে সরাসরি পুনর্নির্বাচন হবে। সোমবারের সাপ্লিমেন্টারি লিস্ট ঘিরেই এখন গোটা রাজ্যের নজর।