বিমান ভাড়ায় লাগাম ছাড়ল কেন্দ্র! আজ থেকেই আকাশছোঁয়া হতে পারে টিকিটের দাম, পকেটে কোপ আমজনতার?

বিমানে যাতায়াত করা সাধারণ যাত্রীদের জন্য দুঃসংবাদ। সোমবার থেকে অভ্যন্তরীণ বিমান ভাড়ার ওপর থেকে সমস্ত সরকারি নিয়ন্ত্রণ তুলে নিচ্ছে কেন্দ্র। এর ফলে বিমান সংস্থাগুলো এখন থেকে বাজারের চাহিদা এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে নিজেরাই টিকিটের দাম নির্ধারণ করতে পারবে। এতদিন পর্যন্ত টিকিটের দামের ওপর যে ‘আপার ক্যাপ’ বা সর্বোচ্চ সীমা ধার্য করা ছিল, তা প্রত্যাহার করে নেওয়ায় বিমান ভাড়া আকাশছোঁয়া হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
কেন এই সিদ্ধান্ত? ২০২৫ সালের ডিসেম্বরে ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থার পরিষেবা বিঘ্নিত হওয়ায় টিকিটের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। তখন যাত্রীদের স্বার্থ রক্ষায় একমুখী ইকোনমি টিকিটের সর্বোচ্চ দাম ১৮,০০০ টাকার আশেপাশে বেঁধে দিয়েছিল অসামরিক বিমান চলাচল মন্ত্রক। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে বিমান সংস্থাগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স-এর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রকের কড়া নজরদারি ভাড়ার ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিলেও সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পরিস্থিতির ওপর তাদের কড়া নজর থাকবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, জরুরি অবস্থা বা সংকটের সময়ে যদি কোনো বিমান সংস্থা অযৌক্তিক বা অত্যধিক ভাড়া বৃদ্ধি করে, তবে তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। প্রয়োজনে জনস্বার্থে পুনরায় ভাড়ার সর্বোচ্চ সীমা বা অন্যান্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু করার পথও খোলা রাখা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সোমবার থেকেই যে পকেটে টান পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।