ভিজবে তিলোত্তমা, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা! শনিবার দিনভর কেমন থাকবে আবহাওয়া?

গরমের দাপট শুরু হওয়ার আগেই বাংলায় অকাল বর্ষণের তাণ্ডব! পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাতভর বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুধু বৃষ্টিই নয়, উত্তরবঙ্গের সান্দাকফুতে দেখা দিল তুষারপাত। পাহাড় এখন সাদা বরফের চাদরে ঢাকা। শনিবার (২১ মার্চ) সকালেও রাজ্যের আকাশ মেঘলা, বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর কলকাতা-সহ গোটা বাংলাতেই বৃষ্টির দাপট বজায় থাকবে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত রাতের বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা একধাক্কায় ৬ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি থেকে কমে দাঁড়িয়েছে ১৯.২ ডিগ্রিতে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ হওয়ায় একটা মনোরম হিমেল পরশ অনুভূত হচ্ছে শহরজুড়ে। তবে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও বাঁকুড়াতেও।

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। একদিকে মনোরম আবহাওয়া পর্যটকদের মুখে হাসি ফোটালেও, অসময়ের এই বৃষ্টি ও শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে।