“যে বাংলাকে টার্গেট করবে সে জাহান্নামে যাবে”, ইদের মঞ্চে গদ্দার ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

পবিত্র ইদ-উল-ফিতরের সকালে প্রতি বছরের রীতি মেনে কলকাতার রেড রোডের নমাজে শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির বিঘ্ন সত্ত্বেও কয়েক হাজার মানুষের জমায়েতে দাঁড়িয়ে একদিকে যেমন সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তিনি।
এদিন সকাল থেকেই কলকাতায় হালকা বৃষ্টি শুরু হয়। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন, “বৃষ্টির জন্য কিছুটা অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু এই বৃষ্টি আসলে আল্লাহর আশীর্বাদ।” তবে উৎসবের মঞ্চ থেকেও রাজনীতির ময়দান ছাড়েননি তিনি। এনআরসি বা ভোটার তালিকায় নাম বাদ যাওয়া প্রসঙ্গে সরব হয়ে মমতা বলেন, “অনেকের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে দিল্লি, কলকাতা এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি। আমি আশা রাখি মানুষের ইজ্জত বজায় থাকবে। আর কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি আপনাদের পরিবারের সদস্য হিসেবে সবসময় থাকব।”
সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “আমাদের অধিকার আমরা মোদীজিকে কেড়ে নিতে দেব না। আমি ভারতের জন্য গর্বিত এবং বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে চাই।” বিজেপিকে ‘চোর, ডাকাত ও গুণ্ডার পার্টি’ বলে অভিহিত করার পাশাপাশি দলের ভিতরের ‘গদ্দার’দেরও রেয়াত করেননি তিনি। তাঁর অভিযোগ, কিছু মানুষ বিজেপির থেকে টাকা নিয়ে খেলা খেলছে। অত্যন্ত কড়া সুরে তিনি হুঁশিয়ারি দেন, “যে ভয় পাবে সে মরে যাবে। আমি ভয় পাই না। যারা বাংলাকে টার্গেট করছে, তারা জাহান্নামে যাবে।”