মথুরায় ইদের সকালে রক্তাক্ত সংঘর্ষ! পুলিশের ওপর বৃষ্টির মতো পাথর বৃষ্টি গো-রক্ষকদের, ভাঙল ৬টি গাড়ি

পবিত্র ইদের সকালেই উত্তপ্ত উত্তরপ্রদেশের মথুরা। গো-রক্ষকদের একটি দলের সঙ্গে পুলিশের নজিরবিহীন সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জেলার ছ’টি থানা এলাকা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে পালটা পুলিশকে লক্ষ্য করেই পাথর ছুড়তে শুরু করে গো-রক্ষকরা। এই রক্তক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন এবং কয়েক ডজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর। উন্মত্ত জনতা পুলিশের অন্তত ৬টি গাড়ি ভাঙচুর করেছে।
ঘটনার সূত্রপাত শনিবার সকালে, যখন মথুরার ছয়টি থানা এলাকায় গো-রক্ষকদের একটি গোষ্ঠী সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ তুলে সরাসরি হস্তক্ষেপে নামলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু গো-রক্ষকরা পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করে রাস্তা অবরোধ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে এবং শান্তি ফেরাতে পুলিশ লাঠিচার্জ শুরু করলেই হিতে বিপরীত হয়। গো-রক্ষক ও তাদের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশ জওয়ানের মাথা ফেটে যায় এবং হাত-পায়ে গুরুতর চোট লাগে।
সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়ে যখন গো-রক্ষকরা পুলিশের ভ্যান, জিপসহ ৬টি সরকারি যানবাহনে হামলা চালায়। লাঠি ও পাথর দিয়ে গাড়ির কাচ ও দরজা-জানলা গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের মতে, এটি কেবল প্রতিবাদ নয়, বরং আইনের প্রতি খোলা চ্যালেঞ্জ। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহত বেশ কয়েকজন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মথুরার এসএসপি সাফ জানিয়েছেন, এই ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই এফআইআর দায়ের করে অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।