গয়নার লোভে পৈশাচিকতা! বৃদ্ধাকে কেটে বস্তাবন্দি করল প্রতিবেশী, রাজস্থানের ঘটনায় স্তম্ভিত দেশ

রাজস্থানের নাগৌর জেলার পালদি কালান গ্রামে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড ঘিরেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। পশুর খাবার জোগাড় করতে বেরিয়ে নিখোঁজ হওয়া ৭৫ বছর বয়সী নাথি দেবী বাউরির খণ্ডিত দেহ উদ্ধার হয়েছে প্লাস্টিকের বস্তায়। চুরির উদ্দেশ্যে করা এই খুনের ঘটনায় পুলিশ তাঁর প্রতিবেশী ৩৮ বছর বয়সী মুকেশ ভারতীকে গ্রেপ্তার করেছে।
ঘটনার সূত্রপাত গত ১৬ই মার্চ। নাথি দেবী যখন বাড়ি থেকে বেরোন, তাঁর শরীরে ছিল প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না। সন্ধে গড়িয়ে রাত হলেও তিনি না ফেরায় উদ্বিগ্ন পরিবার তল্লাশি শুরু করে। পরদিন ১৭ই মার্চ পাচরান্দা গ্রামের কাছে একটি নির্জন ঝোপের আড়ালে বস্তাবন্দি অবস্থায় তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। পুলিশ জানায়, বৃদ্ধার গয়না লুঠ করার পর তাঁর পরিচয় গোপন করতে খুনি ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও পা শরীর থেকে আলাদা করে দেয়।
তদন্তে নেমে পুলিশ একটি রক্তমাখা চটি খুঁজে পায়, যা ছিল এই রহস্যের প্রথম সূত্র। ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডের সাহায্যে গ্রামেরই একটি বাড়িতে রক্তের দাগ পাওয়া যায়। ৩০০-র বেশি কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে, প্রতিবেশী মুকেশের বাড়িতেই নাথি দেবীকে খুন করা হয়েছে। ধৃত মুকেশ স্বীকার করেছে যে, বৃদ্ধা যখন পশুখাদ্যের খোঁজে তার বাড়িতে যান, তখনই সে হামলা চালায় এবং পরে দেহ টুকরো করে নিজের গাড়িতে করে বিভিন্ন স্থানে ফেলে দিয়ে আসে। পুলিশ অভিযুক্তের কাছ থেকে লুঠ করা গয়না এবং খুনে ব্যবহৃত কুড়ুল উদ্ধার করেছে। ডাকাতিই মূল উদ্দেশ্য হলেও, জমি সংক্রান্ত কোনো বিবাদ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।