৩৬০ ডিগ্রি ঘুরে যাবে আবহাওয়া! বৃষ্টির বিদায় আর চড়চড়িয়ে বাড়বে পারদ, কী জানাল হাওয়া অফিস?

শনিবারের সকালটা যেন চৈত্র নয়, বরং শ্রাবণের বার্তা নিয়ে এল। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া অকাল বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। মনোরম আবহাওয়ায় অনেক বাড়িতেই ফ্যান বন্ধ রাখতে হয়েছে, এমনকি রাতে গায়ে চাদর দিতেও বাধ্য হয়েছেন অনেকে। সপ্তাহান্তের ছুটিতে এই মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টিতে সাধারণ মানুষ খুশি হলেও, আবহাওয়াবিদদের পূর্বাভাস কিন্তু দুশ্চিন্তার ভাঁজ ফেলছে কপালে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই আরামদায়ক আবহাওয়া আর মাত্র কয়েক ঘণ্টার অতিথি।
আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে এরপরই আবহাওয়া ৩৬০ ডিগ্রি মোড় নেবে। আগামী সপ্তাহের শুরু থেকেই মেঘ কেটে গিয়ে দেখা দেবে চড়া রোদ। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, শুকনো দিন শুরু হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে গরম। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়চড়িয়ে বাড়তে পারে তাপমাত্রার পারদ। অর্থাৎ, চৈত্রের শেষবেলা এবং বৈশাখের শুরুতে ভ্যাপসা গরম আর ঘাম ঝরানো দহনই হতে চলেছে বাঙালির সঙ্গী।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার ঊর্ধ্বগতি সেখানেও ঠেকানো যাবে না। দক্ষিণবঙ্গের মতোই উত্তরেও ২ দিন পর থেকে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়বে। শুক্রবারের ঝমঝমে বৃষ্টি বা শনিবারের এই টিপটিপ বৃষ্টিকে আবহাওয়াবিদরা ‘চৈত্রের চেনা কালবৈশাখী’ বলতে নারাজ। তাঁদের মতে, এটি একটি সাময়িক দুর্যোগ যা কেটে গেলেই আবার স্বমহিমায় ফিরবে গরম। তাই এই স্বস্তিকে বিদায় জানিয়ে প্রখর গ্রীষ্মের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।