“গর্দান কাটলেও আমরা ঝুঁকব না”, রেড রোড থেকে কাকে হুঁশিয়ারি দিলেন অভিষেক?

শনিবার সকালে কলকাতার রেড রোডে এক অন্যরকম আবহ। প্রতি বছরের মতো এবারও কলকাতা খিলাফত কমিটি আয়োজিত ইদের নমাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমাম কারী ফজলুর রহমানের পরিচালনায় এক মাসের কঠোর রোজা শেষে কয়েক হাজার মানুষ এদিন নমাজে শামিল হন। তবে উৎসবের আবহের মাঝেই রাজনীতির পারদ চড়ালেন মমতা-অভিষেক জুটি।

বিশেষ করে এসআইআর (NRC-CAA সংশ্লিষ্ট বিষয়) এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “অনেকের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। এই অবিচারের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করছি। আমি ভারতের জন্য গর্বিত এবং বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা দিতে চাই।” তিনি আরও জানান, বাংলার মানুষ মাথা নত করতে জানে না এবং বিভাজনের রাজনীতি এখানে চলবে না।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ছিল চরম হুঁশিয়ারি। তিনি বলেন, “কারও নাম বাদ দেওয়া তো দূরের কথা, গর্দান কাটলেও আমরা কারও সামনে মাথা নত করব না। মনে রাখবেন, সরকার দেশের মালিক নয়, তারা জনগণের ভাড়াটে মাত্র।” তিনি আরও যোগ করেন, “কেউ বলছে হিন্দু বিপদে, কেউ বলছে মুসলিম বিপদে। আমি বলছি হিন্দুস্থান অর্থাৎ গোটা দেশ আজ বিপদে রয়েছে।” মন্দির-মসজিদের সহাবস্থানই যে বাংলার আসল পরিচয়, সেই বার্তাও এদিন রেড রোডের মঞ্চ থেকে জোরালোভাবে দেন অভিষেক। উৎসবের আঙিনায় দাঁড়িয়ে তাঁদের এই কড়া রাজনৈতিক অবস্থান আগামী দিনের লড়াইয়ের দিকনির্দেশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।