আকাশে ৮ ঘণ্টা চক্কর, গন্তব্য সেই দিল্লি! এয়ার ইন্ডিয়ার চরম ভুলে বিমানে হাহাকার!

বিরাট গাফিলতি না কি নিছকই যান্ত্রিক জটিলতা? কারণ যাই হোক না কেন, মাঝ আকাশ থেকে ৮ ঘণ্টা উড়ে ফের দিল্লিতেই ফিরে আসতে হল এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটকে। কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার AI185 ফ্লাইটটি ঘিরে তৈরি হল চরম উত্তেজনা। প্রায় ৮ ঘণ্টা আকাশে থাকার পর বুধবার সন্ধ্যায় বিমানটি ফের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা ৩৪ মিনিটে দিল্লি থেকে উড়ানটি স্বাভাবিকভাবেই যাত্রা শুরু করেছিল। বিমানটি বেশ কয়েক ঘণ্টা ধরে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিপত্তি ঘটে যাত্রার প্রায় চার ঘণ্টা পর। বিমানটি যখন চিনের কুনমিং সংলগ্ন আকাশসীমায় প্রবেশ করতে যাবে, ঠিক তখনই ধরা পড়ে এক চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, যে বিমানটি নিয়ে যাত্রী বোঝাই করে কানাডা পাঠানো হচ্ছে, সেই নির্দিষ্ট বোয়িং ৭৭৭-২০০এলআর (Boeing 777-200LR) মডেলটির কানাডায় প্রবেশের বৈধ অনুমতিই নেই।
আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট রুটে নির্দিষ্ট মডেলের বিমান চালানোর জন্য পূর্বানুমতির প্রয়োজন হয়। এয়ার ইন্ডিয়ার বর্তমানে কানাডা পরিষেবার জন্য শুধুমাত্র বোয়িং ৭৭৭-৩০০ইআর (Boeing 777-300ER) বিমানের অনুমতি রয়েছে। এই বড়সড় পদ্ধতিগত ভুলের কারণেই মাঝ আকাশ থেকেই বিমানটিকে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ ৭ ঘণ্টা ৫৪ মিনিট আকাশে কাটানোর পর সন্ধ্যা ৭টা ১৯ মিনিট নাগাদ বিমানটি দিল্লিতে ফিরে আসে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে একে ‘অপারেশনাল সমস্যা’ বলে দাবি করেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এই ঘটনার ফলে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে সংস্থা। বিশেষজ্ঞদের মতে, বোয়িং ৭৭৭ বিমান প্রতি ঘণ্টায় গড়ে ৮ থেকে ৯ টন জ্বালানি খরচ করে। ফলে ৮ ঘণ্টার এই অনর্থক উড়ানে জ্বালানি বাবদ বিপুল পরিমাণ অর্থ নষ্ট হয়েছে। দিল্লি বিমানবন্দরে নামার পর যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয় এবং বৃহস্পতিবার সকালে অন্য একটি বিমানে তাঁদের গন্তব্যে পাঠানো হয়।