অভিমানের বরফ গলেছে? দেবাংশুর দেওয়াল লিখলেও সাংসদ রচনাকে ‘তিন দিনের যোগী’ বলে কটাক্ষ অসিতের!

অবশেষে অভিমানের পালা সাঙ্গ করে নির্বাচনী ময়দানে নামলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। টিকিট না পেয়ে একসময় ‘আমি কি চাকর নাকি?’ বলে ক্ষোভ উগরে দিলেও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর কিছুটা নরম হয়েছেন তিনি। শুক্রবার পোলবার সুগন্ধায় তাঁকে সশরীরে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে দেওয়াল লিখতে দেখা গেল।
তবে প্রার্থী দেবাংশুর প্রতি সদয় হলেও, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনতেই ফোঁস করে উঠলেন অসিত। রচনা তাঁর সম্পর্কে ‘ভালো ব্যবহারের’ প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করলে, পালটা তোপ দেগে অসিত বলেন, “তিন দিনের যোগী ভাতকে বলে অন্ন। ওকে নিয়ে আমি কিছু বলতে চাই না।” এর পাশাপাশি, ব্যান্ডেল সার্ভে কলেজ-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা সমিতি থেকে পদত্যাগ করেছেন তিনি। যদিও তাঁর দাবি, তিনি ওই সব কমিটির সদস্য ছিলেন সেটা আগে জানতেনই না।