১ এপ্রিল থেকে আমূল বদলে যাচ্ছে আয়কর আইন! ১৯০টি নতুন নিয়মে কার লাভ, কার ক্ষতি?

দীর্ঘ কয়েক দশকের পুরনো আয়কর আইনের দিন শেষ। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নতুন আয়কর বিধি। ২০ মার্চ ২০২৬-এ অর্থ মন্ত্রক এই সংক্রান্ত খসড়া ই-গেজেট প্রকাশ করেছে। করের হার বা স্ল্যাবে কোনও পরিবর্তন না করা হলেও, কর কাঠামোর আমূল সরলীকরণ এবং মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য একগুচ্ছ ভাতার সীমা বাড়িয়ে বড় স্বস্তি দিয়েছে কেন্দ্র।

সরলীকরণ ও কাঠামোগত বদল: নতুন বিধিতে করদাতাদের হয়রানি কমাতে ৩৯৯টি জটিল ট্যাক্স রুল কমিয়ে করা হয়েছে মাত্র ১৯০টি। এছাড়া ৫১১টি ফর্ম কমিয়ে ৩৩৩টিতে আনা হয়েছে। সব ফর্মে একই ধরনের ডিজাইন এবং ‘অটো-ফিল’ তথ্য ব্যবহারের সুবিধা থাকছে, যাতে সাধারণ মানুষ নিজেরাই সহজে রিটার্ন ফাইল করতে পারেন।

চাকুরিজীবীদের জন্য বড় প্রাপ্তি: ১. মেট্রো শহরের পরিধি বৃদ্ধি: এখন থেকে আমদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনেও মেট্রো শহরের তালিকায়। ফলে এই শহরগুলিতে বসবাসকারীরা ৫০% এইচআরএ (HRA) ছাড়ের সুবিধা পাবেন। ২. সন্তানদের শিক্ষায় স্বস্তি: শিক্ষা ভাতা মাসে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা এবং হোস্টেল ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা (প্রতি সন্তান পিছু) করা হয়েছে। ৩. মিল কার্ড ও গিফট কুপন: ফুড কুপন বা মিল কার্ডে করমুক্ত খরচের সীমা ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এছাড়া বার্ষিক ১৫,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট গিফট কার্ড এখন থেকে করমুক্ত। ৪. পরিবহন কর্মীদের সুবিধা: ট্রান্সপোর্ট সেক্টরের কর্মীদের করমুক্ত ভাতার সীমা ১০,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে।

রিটার্ন ফাইলের সময়সীমা: আইটিআর-৩ ও আইটিআর-৪ (নন-অডিট করদাতা) জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। তবে আইটিআর-১ ও ২-এর ক্ষেত্রে সময়সীমা আগের মতোই ৩১ জুলাই থাকছে।

নতুন এই আয়কর বিধি মূলত কর ব্যবস্থাকে স্বচ্ছ, আধুনিক এবং ব্যবহারবান্ধব করার লক্ষ্যেই আনা হয়েছে। যদিও মূল ট্যাক্স স্ল্যাব বদলায়নি, কিন্তু বিভিন্ন ভাতার ঊর্ধ্বসীমা বৃদ্ধি পাওয়ায় সাধারণ করদাতাদের হাতে আগের চেয়ে বেশি টাকা থাকবে।