সাধারণ ডিজেল আর ইন্ডাস্ট্রিয়াল ডিজেল কি এক? আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে পকেটে টান আমজনতার!

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকটে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বাজারে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি (OMC) ইতিমধ্যেই স্পিড এবং পাওয়ারের মতো প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়িয়েছে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে শিল্পক্ষেত্রে। একলাফে লিটার প্রতি প্রায় ২২ টাকা বাড়ানো হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম। কিন্তু কী এই ইন্ডাস্ট্রিয়াল ডিজেল? কেনই বা এর দাম বাড়লে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে?

ইন্ডাস্ট্রিয়াল ডিজেল আসলে কী? ইন্ডাস্ট্রিয়াল ডিজেল হলো একটি বিশেষ ধরনের জ্বালানি যা মূলত ভারী যন্ত্রপাতি চালানোর জন্য তৈরি। সাধারণ গাড়িতে ব্যবহৃত অটোমোটিভ ডিজেলের তুলনায় এটি কিছুটা কম পরিশোধিত এবং এতে সালফারের পরিমাণ বেশি থাকে। এই ডিজেলে বিশেষ ধরনের অ্যাডিটিভ, লুব্রিকেন্ট এবং ক্লিনিং এজেন্ট মেশানো থাকে, যা বড় জেনারেটর বা খনির যন্ত্রপাতির ইঞ্জিনকে মসৃণ রাখতে সাহায্য করে।

দাম কত বাড়ল? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭.৬৭ টাকা থেকে বাড়িয়ে ১০৯.৫৯ টাকা করেছে। যদিও স্বস্তির খবর এই যে, সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি।

কোথায় কোথায় এর ব্যবহার? শিল্পকারখানায় বিশাল সব মেশিন চালাতে, বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যাকআপ জেনারেটর চালাতে, এবং খনি ও নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন, বুলডোজার বা এক্সকাভেটরের প্রধান জ্বালানি হলো এই ইন্ডাস্ট্রিয়াল ডিজেল। এমনকি কৃষিকাজে ব্যবহৃত পাম্প সেট বা ট্রাক্টরেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।

আপনার পকেটে এর প্রভাব কী? প্রথমত, ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়লে কারখানাগুলোর উৎপাদন খরচ বাড়ে। ইস্পাত, সিমেন্ট বা প্লাস্টিকের মতো কাঁচামালের দাম বাড়লে তার প্রভাব সরাসরি আবাসন ও নির্মাণ শিল্পে পড়ে। দ্বিতীয়ত, পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি পাওয়ার ফলে বাজারে শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে বাধ্য। অর্থাৎ, সরাসরি ডিজেল না কিনলেও ঘুরপথে আপনার রান্নাঘরের বাজেট এই মূল্যবৃদ্ধির কারণে অনেকটাই বেড়ে যেতে পারে।