ভোটের মুখেই মহার্ঘ জ্বালানি! সাধারণ পেট্রোলে স্বস্তি থাকলেও প্রিমিয়াম ও শিল্প-ডিজেলে বড় ধাক্কা!

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে এবার বড়সড় কোপ পড়ল ভারতের জ্বালানি বাজারে। শুক্রবার থেকেই একধাক্কায় লিটার প্রতি ২ টাকা ৩৫ পয়সা পর্যন্ত দাম বাড়ল প্রিমিয়াম পেট্রোলের। একইসঙ্গে শিল্পের কাজে ব্যবহৃত ডিজেলের দামও লিটার প্রতি একলপ্তে ২২ টাকা বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতাই এই মূল্যবৃদ্ধির মূল কারণ বলে মনে করা হচ্ছে।
পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, বিপিসিএল-এর ‘স্পিড’, এইচপিসিএল-এর ‘পাওয়ার’ এবং আইওসিএল-এর ‘XP95’—এই প্রিমিয়াম ক্যাটাগরির পেট্রোলের দাম ২ টাকা ৯ পয়সা থেকে ২ টাকা ৩৫ পয়সার মধ্যে বেড়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর এটাই যে, সাধারণ পেট্রোলের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। দিল্লিতে প্রিমিয়াম পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ১০১ টাকা ৮৯ পয়সা। অন্যদিকে, শিল্পে ব্যবহৃত ডিজেলের দাম একলাফে ৮৭ টাকা ৬৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৯ টাকা ৫৯ পয়সা।
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, “দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তেল সংস্থাগুলির। সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে যাতে দেশে জ্বালানির কোনও অভাব না হয়।” তিনি আরও স্পষ্ট করেন যে, ভারতে মোট বিক্রিত পেট্রোলের মাত্র ২-৪ শতাংশ প্রিমিয়াম, তাই সাধারণ মানুষের ওপর এর প্রভাব সীমিত থাকবে। তবে এলপিজি সরবরাহ নিয়ে আশ্বস্ত করে তিনি জানান, সোমবারই ৫৬ লক্ষ সিলিন্ডার বুকিং হয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের মেঘ ঘনীভূত হওয়ায় আগামী দিনে সাধারণ পেট্রোলের দামও বাড়বে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছে আমজনতা।