ডিলিমিটেশন ও এনআরসি-র নামে বাংলা দখলের ছক? ইস্তেহার প্রকাশের আগে দিল্লিকে চরম হুঁশিয়ারি মমতার!

২০২৬ বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশের ঠিক আগে এক নজিরবিহীন বিস্ফোরক অভিযোগে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে তিনি সরাসরি কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন। তাঁর দাবি, উত্তরবঙ্গ এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন একটি রাজ্য তৈরির গভীর চক্রান্ত করছে বিজেপি। এর মাধ্যমে বাংলার ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানান, মোদী সরকার বুঝতে পেরেছে তারা আগামী নির্বাচনে আর জিতবে না, তাই ‘ডিলিমিটেশন’ বা সীমানা পুনর্বিন্যাসের নামে বাংলা ভেঙে দেওয়ার নীল নকশা তৈরি করেছে। তাঁর কথায়, “বিজেপি বাংলা দখল করতে পারছে না বলে এবার বাংলাটাকেই তুলে দিতে চায়। এনআরসি-র নামে মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।” এমনকি নির্বাচন কমিশনকে ‘বিজেপির তোতাপাখি’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, রাজ্যের আইএএস-আইপিএস অফিসারদের সরিয়ে এখানে কার্যত অঘোষিত রাষ্ট্রপতি শাসন বা ‘প্রেসিডেন্সি রুল’ জারি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, বর্ডার দিয়ে বেআইনি টাকা ও মাফিয়া ঢুকিয়ে বাংলায় দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বিজেপি। ভোটারদের অভয় দিয়ে তিনি বলেন, “সেন্ট্রাল এজেন্সির ভয়ে পিছিয়ে যাবেন না। বাংলার মানুষকে আঘাত করলে তারা প্রত্যাঘাত করতে জানে।” আসন্ন ভোটকে কেবল ক্ষমতার লড়াই নয়, বরং ‘বাংলা বাঁচানোর লড়াই’ হিসেবে তুলে ধরে বিজেপি-কে যোগ্য শিক্ষা দেওয়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।