যুদ্ধের আঁচে কাঁপছে বিশ্ব! মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ৫ দেশের রাষ্ট্রপ্রধানকে মোদীর ফোন

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ক্রমাগত ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব তেলের বাজারে। এই চরম অস্থির পরিস্থিতিতে বিশ্বমঞ্চে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি কাতার, ফ্রান্স, জর্ডান, ওমান ও মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে দীর্ঘ আলোচনা করেন। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন তেল ভাণ্ডারের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তিনি ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কাতারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে ‘ভাই’ সম্বোধন করে মোদী স্পষ্ট করেছেন যে, শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে আলোচনা ও কূটনীতিই একমাত্র পথ। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও তাঁর দীর্ঘ কথা হয়েছে এবং দুই দেশই যৌথভাবে শান্তি ফেরাতে কাজ করার অঙ্গীকার করেছে।
ওমানের সুলতানের সঙ্গে আলোচনায় মোদী যুদ্ধের জেরে আটকে পড়া হাজার হাজার ভারতীয়কে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি, বিশ্ব বাণিজ্যের লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ দিয়ে যাতে পণ্যবাহী জাহাজগুলি মুক্ত ও নিরাপদভাবে যাতায়াত করতে পারে, সেই বিষয়েও সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। ভারতের এই কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।