‘হারাম’ ও ‘মহাপাপ’! এবার ফতোয়ার মুখে সঞ্জয় দত্ত-নোরা ফাতেহির বিতর্কিত গান

কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের আগুন এবার আছড়ে পড়ল ধর্মীয় গণ্ডিতে। গত ১৪ মার্চ মুক্তি পাওয়া এই গানে নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই উত্তাল নেটপাড়া। এবার সেই বিতর্কে যোগ দিলেন আলিগড়ের প্রথিতযশা আলেম মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, এই গানে যে ধরনের ‘অশ্লীল’ দৃশ্য ও ‘কুরুচিকর’ অঙ্গভঙ্গি ব্যবহার করা হয়েছে, তা ইসলামি শিক্ষার পরিপন্থী এবং এটি প্রদর্শন বা প্রচার করা ‘হারাম’ ও ‘গুনাহ-এ-কবিরা’ (মহাপাপ)।
সত্তরের দশকের রেট্রো ডান্স বারের আদলে তৈরি এই গানে নোরার ‘হুক স্টেপ’ এবং দ্ব্যর্থবোধক লিরিকস নিয়ে নেটিজেনদের একাংশ আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। প্রতিবাদের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গানটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবার আলিগড়ের এই ধর্মীয় ফতোয়া বিতর্কের আগুনে ঘি ঢালল। মুফতি ইব্রাহিমের মতে, এই ধরনের বিষয়বস্তু যুবসমাজের ওপর কুপ্রভাব ফেলছে এবং সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে।
আগামী ৩০ এপ্রিল ছবিটির মুক্তি পাওয়ার কথা। তবে সংসদীয় নিষেধাজ্ঞা এবং ধর্মীয় ফতোয়ার জোড়া ফলায় বিদ্ধ হয়ে ছবিটির নির্মাতারা এখন রীতিমতো কোণঠাসা। এই বিতর্কিত গানটি বাদ দিয়ে বা পরিবর্তন করে সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কি না, এখন সেটাই দেখার।