খুশির ইদ কি শুক্রবারই? ২০ মার্চ আকাশে নজর থাকবে কোটি কোটি মানুষের, জানুন চাঁদ দেখার সময়

দীর্ঘ এক মাসের কৃচ্ছ্রসাধন ও সিয়াম সাধনার পর এখন বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অপেক্ষা শাওয়াল মাসের সেই কাঙ্ক্ষিত বাঁকা চাঁদের। যা বয়ে আনবে পবিত্র ইদ-উল-ফিতরের বার্তা। ২০২৬ সালের ইদ ভারত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে আগামী ২০ মার্চ পালিত হতে পারে বলে প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ইসলামের নিয়ম অনুযায়ী, ইদের চূড়ান্ত তারিখ সম্পূর্ণভাবে নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।
মৌসম ভবন ও জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০ মার্চ অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ভারতের আকাশেও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী এনসিআর (NCR) এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫৮ মিনিটের মধ্যে চাঁদ দেখা যাওয়ার একটি বিশেষ ‘ভিউয়িং উইন্ডো’ বা সময়সীমা রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পশ্চিম আকাশে নজর রাখলে দেখা মিলতে পারে সেই একফালি চাঁদের। যদি শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে শুক্রবার থেকেই দেশজুড়ে খুশির ইদ উদযাপিত হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ইদ একদিন পিছিয়ে অর্থাৎ ২১ মার্চ, শনিবার পালিত হবে।
অন্যদিকে, আরব দেশগুলোতেও ইদ নিয়ে প্রস্তুতি তুঙ্গে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। যদি সেখানে ১৯ তারিখ চাঁদ দেখা যায়, তবে নিয়ম অনুযায়ী ২০ মার্চ সেখানে ইদ পালিত হবে। উল্লেখ্য, সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইদের দিনক্ষণ নির্ধারিত হওয়ার একটি প্রবণতা থাকে। ভারতের জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, খালি চোখে বা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চাঁদ দেখার সত্যতা নিশ্চিত হওয়ার পরই চূড়ান্ত ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত ধর্মীয় ঐতিহ্য মেনে দেশজুড়ে রোজা পালন অব্যাহত থাকবে।