“আক্রমণ হলে ছেড়ে কথা বলব না!” তালিবানকে কড়া হুঁশিয়ারি দিয়ে শান্তির বার্তা ইসলামাবাদের

রক্তক্ষয়ী সংঘাতের আবহে ইদ-উল-ফিতর উপলক্ষে এক মানবিক সিদ্ধান্ত নিল পাকিস্তান। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আফগানিস্তান সীমান্তে ৫ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে শাহবাজ শরিফ সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো বন্ধু দেশগুলোর অনুরোধ এবং ইসলামিক মূল্যবোধের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। তবে শান্তির বার্তার পাশাপাশি কড়া হুঁশিয়ারিও দিয়েছে ইসলামাবাদ। জানানো হয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন আফগানিস্তান থেকে কোনো ড্রোন বা জঙ্গি হামলা হলে তৎক্ষণাৎ সামরিক অভিযান শুরু করবে পাকিস্তান।
সীমান্তে উত্তেজনা এখন চরমে। গত সোমবার রাতে আফগানিস্তানের কাবুলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে পাক বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালিবান সরকার। সেই বিভীষিকার ছবি আজও দগদগে। বুধবার পাহাড়ের ধারে শয়ে শয়ে কফিনবন্দি নিরপরাধ মানুষকে গণকবর দেওয়া হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি এই ঘটনাকে ‘নির্মম অপরাধ’ বলে চিহ্নিত করেছেন। প্রতিশোধের হুঁশিয়ারি দিলেও, তিনি জানিয়েছেন যে তাঁরা কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চান।
অন্যদিকে, পাকিস্তানের অভিযোগ, আফগান মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। যদিও তালিবান সেই অভিযোগ অস্বীকার করেছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে ১ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। এই ৫ দিনের যুদ্ধবিরতি সেই সব সর্বহারা মানুষের জীবনে কতটা স্বস্তি আনে, এখন সেটাই দেখার।