অভিষেকের এক ফোনেই ম্যাজিক! মান ভাঙল অসিতের, এবার দেবাংশুর কাঁধে হাত রেখে ময়দানে ‘চুঁচুড়ার বাঘ’

রাজনীতির ময়দানে অভিমান আছে, কিন্তু ‘সেনাপতি’র নির্দেশ অমান্য করার সাধ্য নেই। টিকিট না পেয়ে একসময় রাজনীতি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। কিন্তু শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফোনেই গলে জল হলেন তিনি। বৃহস্পতিবার চুঁচুড়া খাদিনার মোড়ে নিজের অফিসে পঞ্চায়েত ও পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক করলেন অসিত। পাশে বসালেন দলের তরুণ তুর্কি প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে।

বৈঠক শেষে অসিত মজুমদার স্পষ্ট জানিয়ে দিলেন, “তৃণমূলের নেত্রী একটাই—মমতা বন্দ্যোপাধ্যায়, আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে অন্য কারও কোনো মূল্য নেই।” গতকালই দেবাংশু নিজে অসিতবাবুর বাড়িতে গিয়ে মান ভাঙানোর চেষ্টা করেছিলেন। আর আজ খোদ অভিষেকের হস্তক্ষেপে বরফ গলল। চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে অসিতবাবু দাবি করেন, দলের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। যারা তাঁর টিকিট না পাওয়া নিয়ে বাজি পুড়িয়ে আনন্দ করেছিল, তাঁদের সরাসরি ‘বিজেপির দালাল’ বলে তোপ দাগেন তিনি। কাল থেকেই দেবাংশুর সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা জানিয়েছেন অসিত।