আর মাত্র ২১ দিন বাকি! শুক্রবারই কি চূড়ান্ত ফয়সালা? ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে ৮ লক্ষ নাম

বাংলার বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে সময় মাত্র ২১ দিন। কিন্তু এখনও লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ঝুলে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ শুক্রবারই প্রকাশিত হতে পারে বহুল চর্চিত প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। তবে এই তালিকার সঙ্গেই আসতে চলেছে এক দুঃসংবাদ— নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ৮ লক্ষ মানুষের নাম এই সংশোধিত তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ যেতে পারে।
কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিবেচনাধীন’ ভোটারের নথিপত্র পরীক্ষা ও নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। প্রাথমিক স্ক্রিনিংয়ে দেখা যাচ্ছে, এই বিশাল সংখ্যার প্রায় ৪০ শতাংশ ভোটারের নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবেই ২৩ লক্ষ ৩০ হাজারের মধ্যে ৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে চলেছে। নির্বাচনী নির্ঘণ্টের এত কাছাকাছি সময়ে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক মানুষ কি তবে এবারের মহালড়াইয়ে ভোটাধিকার হারাবেন? কমিশন কি সময়ের মধ্যে বাকিদের নিষ্পত্তি করতে পারবে? শুক্রবারের তালিকার দিকেই এখন তাকিয়ে গোটা বাংলা।