বামেদের ৩২ প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ! ফরওয়ার্ড ব্লকের অনুপস্থিতিতে ফাটল কি আরও চওড়া?

ভোটের দামামা বাজতেই ফের প্রকাশ্যে বামফ্রন্টের অভ্যন্তরীণ কোন্দল। বৃহস্পতিবার ৩২ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা ঘোষণা করল বামফ্রন্ট, কিন্তু সেই সাংবাদিক বৈঠকে ফরওয়ার্ড ব্লকের কোনো প্রতিনিধির না থাকা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অনুপস্থিতিতে প্রবীণ নেতা মিহির বাইন এই তালিকা প্রকাশ করেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২২৪টি আসনে প্রার্থী দিল বামেরা, যার মধ্যে দ্বিতীয় তালিকায় সিংহভাগই সিপিআইএম-এর দখলে।
এবারের তালিকায় কয়েকটি বড় চমক দিয়েছে আলিমুদ্দিন। বালিগঞ্জ আসনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম (শিল্পী), টালিগঞ্জে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং ভবানীপুরে গতবারের পরিচিত মুখ আইনজীবী শ্রীজীব বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া নন্দীগ্রাম ও গোপীবল্লভপুরে প্রার্থী দিয়েছে সিপিআই। তবে মুর্শিদাবাদের বহরমপুর ও ভরতপুর আসন নিয়ে আরএসপি এবং লিবারেশনের মধ্যে তৈরি হওয়া জটিলতা এখনও কাটেনি। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন, “তালিকা এখনও অসম্পূর্ণ, সময়ের সঙ্গে সব পরিষ্কার হবে।”
এদিকে, তৃণমূল ছেড়ে আরাবুল ইসলামের আইএসএফ-এ যোগদান বাম-আইএসএফ জোটের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। এক সময়ের ‘তাজা নেতা’ তথা অভিযুক্ত আরাবুলের হয়ে বাম কর্মীরা প্রচারে নামবেন কি না, তা নিয়ে দলের নিচুতলায় সংশয় তৈরি হয়েছে। নওশাদ সিদ্দিকীদের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হলেও কয়েকটি আসন নিয়ে শরিকদের সঙ্গে টানাপড়েন এখনও চলছে। সব মিলিয়ে বাম-শিবিরের এই ৩২ প্রার্থীর তালিকা আগামী দিনে লড়াইকে কোন পথে নিয়ে যায়, সেটাই এখন দেখার।