অধিকারী গড় কি আরও মজবুত? শুভেন্দুর পর এবার প্রার্থী ভাই দিব্যেন্দুও, কোন আসন থেকে লড়ছেন মেজো ভাই?

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের সমীকরণে বড় চাল দিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—এই দুই হাই-ভোল্টেজ কেন্দ্র থেকে লড়ছেন, তা আগেই জানা ছিল। বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় দেখা গেল অধিকারী পরিবারের আরও এক সদস্যের নাম। এগরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট পেলেন শুভেন্দুর মেজো ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী।
পুরনো ময়দানে নতুন লড়াই দিব্যেন্দু অধিকারী রাজনীতির ময়দানে নতুন নন। ২০০৯ এবং ২০১১ সালে তিনি কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০১৬ এবং ২০১৯ সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে জয়ী হন। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করায় দিব্যেন্দু ব্যাকফুটে চলে গিয়েছিলেন বলে মনে করছিল রাজনৈতিক মহল। বিধানসভা ভোটে তাঁকে এগরা থেকে দাঁড় করিয়ে বিজেপি বুঝিয়ে দিল, মেদিনীপুরের মাটিতে ‘অধিকারী’ ক্যারিশমাতেই ভরসা রাখছে দল।
এগরার সঙ্গে পারিবারিক যোগ এগরা কেন্দ্রের সঙ্গে অধিকারী পরিবারের আবেগঘন যোগ রয়েছে। ২০০৬ সালে এই কেন্দ্র থেকেই তৎকালীন দাপুটে বাম মন্ত্রী প্রবোধ সিনহাকে পরাজিত করেছিলেন দিব্যেন্দুর বাবা শিশির অধিকারী। সেই জয়ের স্মৃতিকে উসকে দিয়ে এবার এগরা পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হল দিব্যেন্দুকে। উল্লেখ্য, শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী বর্তমানে কাঁথির সাংসদ। ফলে বিধানসভা ও লোকসভা মিলিয়ে মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী পরিবারের আধিপত্য আরও জোরালো হল।
তালিকায় একঝাঁক হেভিওয়েট বিজেপির এই ১১১ জনের তালিকায় দিব্যেন্দু ছাড়াও রয়েছেন নিশীথ প্রামাণিক (মাথাভাঙা), অর্জুন সিং (নোয়াপাড়া) এবং কৌস্তভ বাগচীর (ব্যারাকপুর) মতো নাম। তবে এগরা কেন্দ্রে দিব্যেন্দুর লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে সাজ সাজ রব পড়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে, অধিকারী পরিবারের এই মেজো ছেলেকে প্রার্থী করে বিজেপি মূলত তৃণমূলের গড় হিসেবে পরিচিত এলাকাগুলোতে ফাটল ধরাতে চাইছে।