ব্যাঙ্কিং সেক্টরে এআই-এর কোপ! ২০,০০০ কর্মী ছাঁটাইয়ের পথে এইচএসবিসি (HSBC), দুশ্চিন্তায় কর্মীরা!

বিশ্বজুড়ে ব্যাঙ্কিং পরিষেবার সংজ্ঞাই কি বদলে দিতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)? নামী আন্তর্জাতিক ব্যাঙ্ক এইচএসবিসি (HSBC Holdings Plc)-র সাম্প্রতিক পদক্ষেপে তেমনই ইঙ্গিত মিলছে। সংস্থার নতুন সিইও জর্জেস এলহেদেরির নেতৃত্বে শুরু হওয়া এক বিশাল পুনর্গঠন প্রক্রিয়ায় প্রায় ২০,০০০ কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন এই গণ-ছাঁটাই? সংস্থা সূত্রে খবর, ব্যাঙ্কের ব্যয় সংকোচন এবং কর্মক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এর ফলে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ধাপে ধাপে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বর্তমানে এইচএসবিসি-র বিশ্বব্যাপী কর্মীবাহিনীর সংখ্যা প্রায় ২,১০,০০০। অর্থাৎ, প্রস্তাবিত এই ছাঁটাই কার্যকর হলে প্রায় ১০ শতাংশ কর্মী প্রভাবিত হবেন।
কারা রয়েছেন বিপদে? ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, যারা সরাসরি গ্রাহকদের পরিষেবা দেন না, অর্থাৎ ‘মিডল-অফিস’ এবং ‘ব্যাক-অফিস’ বা দাপ্তরিক সহায়তা বিভাগে কাজ করেন, তাঁদের ওপরেই কোপ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে সংস্থার ‘গ্লোবাল সার্ভিসেস’-এর একাধিক পদ এআই দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা চলছে।
এআই-এর দাপটে কাঁপছে বিশ্ববাজার: এইচএসবিসি একা নয়, ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে, আগামী কয়েক বছরে বিশ্বজুড়ে ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রায় ২ লক্ষ কর্মী কাজ হারাতে পারেন শুধুমাত্র এআই-এর কারণে। ২০২৬ সালের শুরুতেই অ্যামাজন, মেটা এবং ওরাকলের মতো সংস্থাগুলোও এআই-এর দোহাই দিয়ে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে।
এইচএসবিসি-র পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও, ১.৫ বিলিয়ন ডলারের ব্যয় সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাঙ্ক যে এগোচ্ছে, তা নিশ্চিত। এখন দেখার, প্রযুক্তির এই জয়যাত্রায় সাধারণ কর্মীদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।