বিজেপি অফিসে ধুন্ধুমার! সংবর্ধনা সভায় নেতাকে কষিয়ে থাপ্পড় ও জুতোপেটা মহিলার, ভাইরাল ভিডিও

ধুমধাম করে চলছিল সংবর্ধনা অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত হেভিওয়েট নেতা থেকে শুরু করে আসন্ন নির্বাচনের মনোনীত প্রার্থীরা। কিন্তু সেই সাজানো অনুষ্ঠানেই হঠাৎ আছড়ে পড়ল জনরোষ। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বিজেপি দলীয় কার্যালয়ে এক কর্মীকে জনসমক্ষে কষিয়ে থাপ্পড় এবং জুতোপেটা করলেন এক মহিলা। বুধবারের এই নজিরবিহীন ঘটনায় রীতিমতো থমথমে এলাকা।

ঘটনার সূত্রপাত:
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মহারাজগঞ্জের বিজেপি কার্যালয়ে তখন উৎসবের মেজাজ। সংবর্ধনা অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে চড়াও হন ওই মহিলা। প্রথমে চলে ভাঙচুর, তারপরই সরাসরি এক বিজেপি কর্মীর কলার টিপে ধরেন তিনি। উপস্থিত কর্মীদের সামনেই একের পর এক চড় মারতে শুরু করেন ওই মহিলা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, অভিযুক্ত নেতাকে মঞ্চ থেকে টেনে নামানোর চেষ্টাও করেন তিনি।

কেন এই রণচণ্ডী মূর্তি?
মঞ্চে কেন এমন তাণ্ডব চালালেন ওই মহিলা? তাঁর অভিযোগ শুনলে চোখ কপালে উঠবে যে কারও। মহিলার দাবি, এলআইসি (LIC)-তে জমা দেওয়ার নাম করে ওই বিজেপি কর্মী তাঁর থেকে সাড়ে ৪ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু সেই টাকা পলিসিতে জমা না দিয়ে পুরোটাই নয়ছয় করেছেন ওই ব্যক্তি। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চেয়েও না পাওয়ায় শেষমেশ দলীয় কার্যালয়েই ‘বিচার’ করতে পৌঁছে যান তিনি।

পুলিশের হস্তক্ষেপ:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু চড়-থাপ্পড় নয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং শেষে জুতোপেটাও করেন ওই মহিলা। উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মহিলা এবং অভিযুক্ত ওই কর্মীকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নির্বাচনী আবহে উত্তরপ্রদেশের মতো রাজ্যে খোদ দলীয় কার্যালয়ে কর্মীর এই ‘জুতোপেটা’ খাওয়ার ঘটনা বিজেপির অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।