রণবীরের ‘ধুরন্ধর ২’ দেখতে গিয়ে রণক্ষেত্র নয়ডার মাল্টিপ্লেক্স! মাঝপথে শো বন্ধ, দর্শকদের রাতভর হয়রানি

পরিচালক আদিত্য ধর এবং অভিনেতা রণবীর সিংয়ের হাই-ভোল্টেজ ছবি ‘ধুরন্ধর ২’ ঘিরে উন্মাদনা যখন তুঙ্গে, তখনই ঘটল চরম অঘটন। বুধবার ১৮ মার্চ সন্ধ্যায় নয়ডার এক নামী মাল্টিপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনী চলাকালীন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, শেষমেশ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ডাকতে বাধ্য হলো কর্তৃপক্ষ।

কী ঘটেছিল সেই রাতে?
বিকেল ৫:৪৫-এর শো চলাকালীন গন্ডগোলের সূত্রপাত। প্রথমার্ধ শেষ হওয়ার পর ১০ মিনিটের বিরতি দেওয়া হলেও, দীর্ঘক্ষণ পার হওয়ার পর আর স্ক্রিনিং শুরু হয়নি। যান্ত্রিক ত্রুটির অজুহাত দিয়ে দর্শকদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অভিযোগ, কোনো সদুত্তর না পেয়ে অডিটোরিয়ামের ভেতরেই স্লোগান দিতে শুরু করেন কয়েকশো ক্ষুব্ধ মানুষ।

লুঠতরাজের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে:
দর্শকদের দাবি, একদিকে যান্ত্রিক গোলযোগের কথা বলে শো বন্ধ রাখা হয়েছিল, অন্যদিকে ‘আর পাঁচ মিনিটে শুরু হবে’— এই মিথ্যে আশ্বাস দিয়ে দর্শকদের কাছে কয়েক হাজার টাকার পপকর্ন ও কোল্ড ড্রিঙ্কস বিক্রি চালিয়ে যাচ্ছিল হল কর্তৃপক্ষ। সেক্টর ৭৮-এর বাসিন্দা স্বাতি এবং তাঁর স্বামী শশাঙ্ক সিং ক্ষোভ উগরে দিয়ে বলেন, “খাবার বেচে ওরা টাকা কামিয়ে নিল, কিন্তু আমাদের সময় আর টিকিটের টাকার দায় কে নেবে?”

হুমকি ও পুলিশের হস্তক্ষেপ:
উত্তেজনা চরমে পৌঁছায় যখন দেখা যায় অডিটোরিয়াম-১-এর শো বন্ধ থাকলেও রাত ১০টার শো অন্য স্ক্রিনে চালানোর প্রস্তুতি চলছে। সাক্ষী শ্রীবাস্তব নামে এক দর্শক প্রতিবাদ করায় তাঁকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ওই দিনের সমস্ত শো বাতিল করতে বাধ্য হয় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।

রণবীর সিংয়ের এই মেগা প্রজেক্টের শুরুতেই এমন তিক্ত অভিজ্ঞতা সিনেমার ব্যবসায়িক সাফল্যে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।