গ্যাসের আকালে বড় স্বস্তি! উত্তাল সমুদ্র পেরিয়ে ভারতে এল এলপিজি-র কনভয়, রান্নার গ্যাসের আকাল কি এবার শেষ?

দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের মাঝে এল এক স্বস্তির খবর। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা ও উত্তাল পরিস্থিতির মধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতের দ্বিতীয় এলপিজি-বাহী জাহাজ। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমের এক চাঞ্চল্যকর দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে ভারতের দুটি তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে ভারত তিনটি ইরানি তেলের ট্যাঙ্কারকে ছেড়ে দিয়েছে। এই কূটনৈতিক ও বাণিজ্যিক সাফল্যের ফলে দেশে এলপিজি সরবরাহে গতি আসবে বলে মনে করা হচ্ছে।
সহজেই বুক করুন সিলিন্ডার: রইল ডিজিটাল গাইড
গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং গ্যাস বুকিং প্রক্রিয়াকে আরও দ্রুত করতে ইন্ডিয়ান অয়েল (Indane), ভারতগ্যাস (Bharat Gas) এবং এইচপি গ্যাস (HP Gas) একাধিক আধুনিক পদ্ধতি নিয়ে এসেছে। এখন আর পরিবেশকের দফতরে লাইন দেওয়ার প্রয়োজন নেই।
মিসড কল সুবিধা: নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেই বুকিং সম্পন্ন হবে।
ইন্ডেন: 8454955555
ভারতগ্যাস: 7710955555
এইচপি গ্যাস: 9493602222
আইভিআরএস (IVRS) সিস্টেম: রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কল করে ভয়েস নির্দেশিকা অনুসরণ করুন। নম্বরগুলি হলো— ইন্ডেন (7718955555), ভারতগ্যাস (7715012345) এবং এইচপি (8888823456)।
হোয়াটসঅ্যাপ বুকিং: স্মার্টফোন ব্যবহারকারীরা মেসেজ করেই সিলিন্ডার বুক করতে পারবেন।
ইন্ডেন: 7588888824
ভারতগ্যাস: 1800 22 4344
এইচপি: 9222201122
মোবাইল অ্যাপ: এছাড়া ‘Hello BPCL’, ‘Indian Oil One’ এবং ‘HP Pay’ অ্যাপের মাধ্যমে ডেলিভারি ট্র্যাক করাও সম্ভব।
জেলায় জেলায় বিক্ষোভের ছবি
তবে প্রযুক্তির সুবিধা থাকলেও মাঠপর্যায়ে সংকটের ছবিটা এখনও ভয়াবহ। পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া, বীরভূম ও কোচবিহারে শনিবার গ্যাসের দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে। কোথাও রাত ৩টে থেকে লাইন দিয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার দিনের পর দিন অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। বহু জায়গায় খালি সিলিন্ডার রাস্তায় রেখে অবরোধ ও বিক্ষোভ দেখিয়েছেন ভুক্তভোগীরা। তবে নতুন করে এলপিজি সরবরাহ শুরু হওয়ায় এই পরিস্থিতির দ্রুত উন্নতির আশা করছে প্রশাসন।