মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহেও সোনার দামে বিশাল ধস! আজ ১ ভরি গয়না কিনলে কত সাশ্রয়?

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং বিশ্বজুড়ে গ্যাসের দাম বাড়ার উদ্বেগের মাঝেই ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন ঘটল। মার্চ মাসের শুরুতে সোনার আকাশছোঁয়া দাম মধ্যবিত্তের পকেটে টান ফেললেও, সপ্তাহের মাঝামাঝি এসে ফের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গয়না ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই দেখা গেল ২২ ও ২৪ ক্যারেট— উভয় প্রকার সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য হ্রাস।

গত কয়েক দিনে সোনার দাম ১ লক্ষ টাকার গণ্ডি পার করে রেকর্ড গড়েছিল। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণে চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের কপালে, যার প্রভাব পড়েছিল গয়না বিক্রিতেও। তবে বৃহস্পতিবারের বাজার দর সেই উদ্বেগ অনেকটাই কমিয়ে দিল। আজকের বাজার দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৪,৮৫৫ টাকা (১০৫ টাকা হ্রাস)। ফলে ১০ গ্রাম গয়না সোনা কিনতে এখন খরচ পড়বে ১,৪৮,৫৫০ টাকা, যা আগের দিনের তুলনায় ১০৫০ টাকা কম।

অন্যদিকে, বিনিয়োগকারীদের পছন্দের ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১ গ্রামে ১১০ টাকা কমে হয়েছে ১৫,৬৩০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম পাকা সোনার বাজার মূল্য এখন ১,৫৬,৩০০ টাকা। একইভাবে সোনার বাটের দামও আগের চেয়ে কমেছে। পাকা সোনার বাটের ক্ষেত্রে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৫৫,৫৫০ টাকা।

শুধুমাত্র সোনা নয়, আজকের বাজারে রুপোর দামেও লক্ষ্য করা গেছে বড়সড় পতন। প্রতি কেজি খুচরো রুপোর দাম এক ধাক্কায় ৬,৩৫০ টাকা কমে দাঁড়িয়েছে ২,৪৯,৮০০ টাকায়। ১০০ গ্রাম রুপোর খুচরো দাম বর্তমানে ২৪,৯৮০ টাকা। প্রসঙ্গত, গয়না কেনার ক্ষেত্রে সোনার বিশুদ্ধতা যাচাই করা অত্যন্ত জরুরি। ২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে খাঁটি ধরা হলেও গয়না তৈরির ক্ষেত্রে সাধারণত ২২ ক্যারেট সোনা ব্যবহৃত হয়। আজকের এই আকস্মিক মূল্যহ্রাসের ফলে বিয়ের মরসুমের আগে মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।