ভোটের বাজারে কমিশনের ‘ডিজিটাল স্ট্রাইক’! এবার নাকা চেকিং হবে সরাসরি লাইভ স্ট্রিমিং

বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করছে ভারতের নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার প্রযুক্তিকে হাতিয়ার করছে তারা। এই প্রথম রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ নাকা চেকিং পয়েন্টে ‘লাইভ স্ট্রিমিং’-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, রাস্তার মোড়ে মোড়ে নাকা তল্লাশিতে কী ঘটছে, তা সরাসরি সিসিটিভির মতো ফুটেজে দেখতে পাবেন কমিশনের আধিকারিকরা।

কমিশন সূত্রে খবর, এই নজরদারির জন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক PTZ (Pan-Tilt-Zoom) ক্যামেরা। এই ক্যামেরাগুলি ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম এবং চলমান যে কোনো বস্তুকে অনায়াসে ট্র্যাক করতে পারে। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে এই বিশেষ ক্যামেরা বসানো থাকবে, যা নাকা চেকিংয়ের সময় চারপাশের প্রতিটি গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখবে। ইতিমধ্যেই জেলাশাসকদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু রাস্তাঘাট নয়, এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গতিবিধির ওপর নজর রাখতে দেওয়া হচ্ছে বডি ক্যামেরা। প্রাথমিকভাবে রাজ্যে আসা ৪৮০ কোম্পানি বাহিনীর জন্য এই ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি কোম্পানিতে অন্তত দুই থেকে তিনটি বডি ক্যামেরা থাকবে। এর ফলে বাহিনীর জওয়ানরা যখন এলাকায় টহল দেবেন বা বুথে থাকবেন, তখন তাঁদের কার্যক্রমও কমিশনের নজরে থাকবে।

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই ‘হিংসামুক্ত’ নির্বাচনের বার্তা দিয়েছিলেন। সেই লক্ষ্যে এবার রাজ্যে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জানা গেছে, দুই দফার ভোটে শান্তি বজায় রাখতে মোট ২,০০০ কোম্পানি বাহিনী ব্যবহার করা হতে পারে। প্রতিটি বুথে অন্তত হাফ সেকশন (৪ জন) এবং দুটি বুথ থাকলে এক সেকশন (৮ জন) জওয়ান মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। ভোটের দিন থেকে ৪ মে গণনা পর্যন্ত পুরো রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।