নির্বাচন কমিশন নয়, ওটা বিজেপির শাখা অফিস! বিস্ফোরক তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ECI) নিরপেক্ষতা নিয়ে কার্যত বোম ফাটালেন তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক। সম্প্রতি একাধিক আইপিএস অফিসারকে বদলি এবং ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্তের পরেই কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত শাসকদল। পার্থবাবুর সাফ দাবি, নির্বাচন কমিশন এখন আর স্বাধীন সংস্থা নেই, বরং তা “বিজেপির এজেন্ট” এবং গেরুয়া শিবিরের “শাখা অফিসে” পরিণত হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে বলেন, “নির্বাচন কমিশনের অফিসটা আসলে ভারতীয় জনতা পার্টির একটা দফতর হয়ে দাঁড়িয়েছে। আমরা জানতাম ঠিক এমনটাই হবে।” তবে কমিশনের এই কড়াকড়িকে আমল দিতে নারাজ তিনি। তাঁর মতে, ভোট দেয় সাধারণ মানুষ, পুলিশ বা মিলিটারি নয়। আর বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আরও যোগ করেন, “বাংলার মানুষ একটাই কথা বিশ্বাস করে— বাইরের লোক আসে আর যায়, বাংলা নিজের মেয়েকেই চায়।”
এদিন শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় বিঁধেছেন পার্থবাবু। নন্দীগ্রামের জয় নিয়ে শুভেন্দুর বারবার মন্তব্যের পাল্টা দিয়ে তিনি বলেন, “শুভেন্দু খালি বলে বেড়ান তিনি মমতাকে হারিয়েছেন। এবার ভবানীপুরে দাঁড়িয়ে দেখুন, এক লাখ ভোটে হারবেন। তখন আর ওই অহংকার করার জায়গা থাকবে না।”
উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল— এই দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। ৪ মে হবে ভোট গণনা। প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। কমিশনের এই নির্ঘণ্ট এবং অফিসার বদলির নির্দেশ ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি।