৬৩২ কোটির মেগা ডিল! আরবান কোম্পানির স্টকে কেন হঠাতই বাড়ল গতি? জেনে নিন আসল কার

শেয়ার বাজারের অস্থিরতার মাঝেও বুধবার চমক দেখাল আরবান কোম্পানি লিমিটেড (Urban Company Ltd.)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) মিউচুয়াল ফান্ডের বিশাল অঙ্কের বিনিয়োগের খবর সামনে আসতেই এই শেয়ারের দাম একদিনেই প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ব্লক ডিলের জেরে বুধবার বাজার খোলার পরেই শেয়ারটির দাম ১৩০.১১ টাকায় পৌঁছে যায়।
কেন এই হঠাৎ উত্থান? বাজার সূত্রে খবর, মঙ্গলবার একটি বড় ‘ব্লক ডিল’-এর মাধ্যমে এসবিআই মিউচুয়াল ফান্ড আরবান কোম্পানিতে প্রায় ৬৩২.২ কোটি টাকা বিনিয়োগ করেছে। আইপিও-র ছয় মাসের ‘লক-ইন’ পিরিয়ড শেষ হওয়ার পরেই এই বড় রদবদল লক্ষ্য করা গেছে। যেখানে ডিএফ ইন্টারন্যাশনাল (DF International) এবং ওয়েলিংটন হ্যাডলি হারবারের (Wellington Hadley Harbor) মতো সংস্থাগুলি তাদের অংশীদারিত্ব বিক্রি করে বেরিয়ে গেছে, সেখানে এসবিআই-এর এই এন্ট্রি বিনিয়োগকারীদের মনে নতুন ভরসা জুগিয়েছে।
শেয়ারের ইতিহাস ও ভবিষ্যৎ গত বছরের সেপ্টেম্বরে ১০৩ টাকা ইস্যু প্রাইসে বাজারে এসেছিল আরবান কোম্পানি। লিস্টিংয়ের পর দাম ২০১ টাকা পর্যন্ত উঠলেও, পরবর্তীতে মুনাফা নিয়ে আশঙ্কার জেরে দাম অনেকটাই পড়ে গিয়েছিল। গত এক মাসে এই শেয়ার প্রায় ৮% পড়ে গেলেও, আজকের এই উত্থান লগ্নিকারীদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে এসবিআই-এর মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানের বিনিয়োগ এই স্টকের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।