১২ বছর পর মিলল বিচার! বিলাসপুরে ১৫ মহিলার মৃত্যুর ঘটনায় দোষী চিকিৎসকের জেল

ছত্তিশগড়ের বিলাসপুরে ১২ বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক চিকিৎসা গাফিলতির মামলায় অবশেষে রায় দিল আদালত। ২০১৪ সালে একটি সরকারি বন্ধ্যাত্বকরণ ক্যাম্পে অস্ত্রোপচারের পর ১৫ জন মহিলার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত চিকিৎসক আরকে গুপ্তাকে দোষী সাব্যস্ত করেছে জেলা দায়রা আদালত। বুধবার বিচারক শৈলেশ কুমার কেতারপ অভিযুক্ত চিকিৎসককে দু’বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।

কী ঘটেছিল সেই অভিশপ্ত দিনে? ২০১৪ সালের ৮ নভেম্বর বিলাসপুরের পেন্ডারিতে একটি বন্ধ্যাত্বকরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। জেলা হাসপাতালের তৎকালীন সিনিয়র সার্জন ডা. আরকে গুপ্তা মাত্র ৩ ঘণ্টার মধ্যে ৮৩ জন মহিলার অস্ত্রোপচার করেছিলেন। অস্ত্রোপচারের পরই মহিলারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে একে একে ১৫ জন প্রাণ হারান।

তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য আদালতে সওয়াল-জবাব চলাকালীন জানা যায়, চরম গাফিলতির পাশাপাশি ওই মহিলাদের যে ‘সিপ্রোসিন’ ওষুধ দেওয়া হয়েছিল, তাতে ইঁদুরের বিষ মেশানো ছিল। যদিও প্রতিটি সাজা তিন বছরের কম হওয়ায় আদালত আপাতত দোষী চিকিৎসকের জামিন মঞ্জুর করেছে। এক যুগ পর এই রায় আসায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মৃতদের পরিবার ও স্থানীয় মহলে।