৫ বছর পর ভারতের ট্যাবলেটের বাজারে হুয়াওয়ে! লঞ্চ হচ্ছে মেটপ্যাড ১১.৫, শক্তিশালী ব্যাটারির সঙ্গে থাকছে নজরকাড়া ডিসপ্লে

দীর্ঘ পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ভারতের ট্যাবলেটের বাজারে রাজকীয় প্রত্যাবর্তন করতে চলেছে চিনা টেক জায়ান্ট হুয়াওয়ে (Huawei)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তারা খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ট্যাবলেট Huawei MatePad 11.5। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) ইতিমধ্যেই এই ডিভাইসের একটি বিশেষ পেজ লাইভ করা হয়েছে, যেখানে এর দাম এবং প্রধান ফিচারগুলি প্রকাশ্যে এসেছে।

দাম ও ব্যাটারি ব্যাকআপ ফ্লিপকার্টের তথ্য অনুযায়ী, ভারতে এই ট্যাবলেটের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। গ্রাহকরা নো-কস্ট ইএমআই-এর সুবিধাও পাবেন। এই ট্যাবলেটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ১০,১০০ mAh-এর বিশাল ব্যাটারি, যা একটানা ১৪ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। এর সঙ্গে থাকছে ৪০ ওয়াটের সুপারচার্জিং প্রযুক্তি।

ডিসপ্লে এবং ডিজাইন হুয়াওয়ে মেটপ্যাড ১১.৫-এ রয়েছে ১১.৫ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪৬৫ x ১৬০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর বডি সম্পূর্ণ মেটালের তৈরি এবং এতে আল্ট্রা কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে দীর্ঘক্ষণ কাজ করলেও ডিভাইসটি গরম না হয়। ২০২০ সালে ‘মেটপ্যাড টি৮’ লঞ্চের পর এটিই ভারতে হুয়াওয়ের প্রথম বড় ট্যাবলেট লঞ্চ হতে চলেছে।