৫০০০ কোটির ব্যবসা লাটে! বাদাম-পেস্তা থেকে প্যারাসিটামল— যুদ্ধের জেরে আকাশছোঁয়া দাম সবকিছুর

মধ্যপ্রাচ্যের যুদ্ধের লেলিহান শিখা এবার আছড়ে পড়ল বাঙালির হেঁশেল থেকে দিল্লির পাইকারি বাজারে। ইরান ও পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে শুকনো ফল (Dry Fruits) সরবরাহ ব্যাহত হওয়ায় আকাশছোঁয়া হয়েছে দাম। এশিয়ার বৃহত্তম শুকনো ফলের বাজার দিল্লির খারি বাওলিতে কাজু, বাদাম, পেস্তা ও খেজুরের দাম এক ধাক্কায় ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সামনেই ইদ, অথচ বাজারে খেজুরের জোগান তলানিতে ঠেকায় কপালে ভাঁজ ব্যবসায়ীদের।

৫০০০ কোটির বাণিজ্য ও ওষুধের বাজারে সংকট চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (CTI)-এর মতে, এই সংঘাত চলতে থাকলে দিল্লির প্রায় ৫০০০ কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রভাব শুধু খাদ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই, ওষুধ শিল্পেও এর বড় ধাক্কা লেগেছে। রাসায়নিক ও কাঁচামালের দাম বাড়ায় প্যারাসিটামলের (Paracetamol) দাম প্রায় ৪৭ শতাংশ বেড়েছে। এছাড়াও ডাইক্লোফেনাক ও অ্যামোক্সিসিলিনের মতো জরুরি ওষুধের দামও চড়চড় করে বাড়ছে।

রাস্তার খাবার ও সাধারণ মানুষের ভোগান্তি দিল্লির প্রায় ৫০ হাজার স্ট্রিট ফুড বিক্রেতা এই সংকটের মুখে পড়েছেন। জোগান না থাকায় ২০-৩০ শতাংশ বিক্রেতা ব্যবসা বন্ধ করতে বাধ্য হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান থেকে আসা পেস্তা, ডুমুর ও মামরা বাদামের দামও ৪০ শতাংশ বেড়েছে। আপাতত পুরনো মজুতের ওপর ভর করেই চলছে বাজার, তবে যুদ্ধ না থামলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।