ভোটার তালিকায় বিশেষ সংশোধন কেন? সাত দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নথি জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঠিক কোন বিজ্ঞপ্তির ভিত্তিতে বা কোন সার্কুলার মেনে এই প্রক্রিয়া চালানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তা মামলাকারীকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। তথ্যের অধিকার আইনে (RTI) এই তথ্য জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্ক মাইতি নামে এক ব্যক্তি।
মামলাকারীর সওয়াল ও অনুপ্রবেশকারী প্রসঙ্গ মামলাকারী পক্ষের আইনজীবী শামিম আহমেদের দাবি, নির্বাচন কমিশন কোনো স্পষ্ট কারণ না দেখিয়েই রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, যা আইনবিরুদ্ধ। তাঁর প্রশ্ন, কমিশন যদি মনে করে তালিকায় বিদেশি বা অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, তবে সেই সংক্রান্ত কী তথ্য তাদের কাছে আছে? আরটিআই করে এই বিশেষ সংশোধনের আইনি ভিত্তি এবং অনুপ্রবেশকারীদের তালিকা জানতে চাওয়া হলেও কমিশন তা এড়িয়ে গিয়েছিল। এমনকি কেন্দ্রীয় তথ্য আধিকারিককে (CPIO) নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনো তথ্য মেলেনি।
আদালতের কড়া অবস্থান বুধবার বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন যে, আগামী সাত দিনের মধ্যে আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর আগে ৯ ফেব্রুয়ারি অ্যাপিল কর্তৃপক্ষ কমিশনকে সতর্ক করলেও তারা তথ্য দেয়নি। আইনজীবী শামিম আহমেদ আশা প্রকাশ করেছেন যে, এবার অন্তত হাইকোর্টের নির্দেশ মেনে কমিশন জানাবে যে কোন তথ্যের ভিত্তিতে তারা মনে করছে ভারতীয় নাগরিক ছাড়া অন্যরাও ভোটার তালিকায় রয়েছে।
ভোটের মুখে সাপ্লিমেন্টারি লিস্ট উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে রাজ্যে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। তবে কয়েক লক্ষ নাম এখনও বিচারাধীন বা ‘অ্যাডজুডিকেশন’ পর্যায়ে রয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় বিধানসভা ভোট। তার আগে এই শুক্র বা শনিবারের মধ্যেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।