১৯ বছর পর পুনর্মিলন! ভারত মহাসাগরে মিশল আগুনের নদী, প্রকৃতির রণরূপে স্তম্ভিত বিশ্ব

প্রকৃতির এক অদ্ভুত অথচ ভয়ঙ্কর সুন্দর রূপের সাক্ষী থাকল বিশ্ব। দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারত মহাসাগরের নীল জলরাশিতে এসে মিশল জ্বলন্ত লাভার স্রোত। ফ্রান্সের রিইউনিয়ন আইল্যান্ডের (Réunion Island) বিখ্যাত এবং অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি ‘পিটন ডি লা ফোরনেস’ (Piton de la Fournaise) থেকে নির্গত এই আগুনের নদী কয়েক মাইল পথ অতিক্রম করে মহাসাগরে ঝাঁপিয়ে পড়েছে। শেষবার ২০০৭ সালে এই বিরল দৃশ্যের দেখা মিলেছিল।
জনজীবনে প্রভাব ও প্রশাসনিক সতর্কতা গত ১৩ ফেব্রুয়ারি থেকে এই অগ্ন্যুৎপাত শুরু হয়। দীর্ঘ পথ অতিক্রম করার সময় লাভার স্রোতটি রিইউনিয়ন আইল্যান্ডের গুরুত্বপূর্ণ উপকূলীয় সড়ক ‘RN1’ গ্রাস করে নেয়। এর ফলে দ্বীপের দক্ষিণ এবং পূর্ব অংশের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিষাক্ত ধোঁয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন আগেভাগেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল। তবে এই মোহময়ী দৃশ্য চাক্ষুষ করতে বহু পর্যটক ও স্থানীয় মানুষ ভিড় জমিয়েছেন।
ভূ-প্রকৃতিতে বদল বিজ্ঞানীরা জানিয়েছেন, লাভার এই স্রোত যখন মহাসাগরের জলের সংস্পর্শে আসে, তখন বিশাল বাষ্পের কুণ্ডলী তৈরি হয়। ২০০৭ সালের অগ্ন্যুৎপাতের সময় লাভার জমাট বাঁধার ফলে ওই দ্বীপের উপকূলীয় রেখাই বদলে গিয়েছিল। এবারও তেমন কোনো ভৌগোলিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। আপাতত নিরাপত্তার খাতিরে ওই এলাকায় সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়েছে।