হাঁড়ি চড়বে না হোটেলে! এলপিজি সঙ্কটে চরম সিদ্ধান্ত কেরলে, স্তব্ধ হতে চলেছে গোটা রাজ্য?

রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবার রাজপথে নামছেন রেস্তোরাঁ মালিকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের লেলিহান শিখা এবার আছড়ে পড়ল ভারতের হেঁশলে। দেশজুড়ে এলপিজি (LPG) সিলিন্ডারের তীব্র সঙ্কটে নাভিশ্বাস উঠছে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, এবার প্রতিবাদে গোটা রাজ্য অচল করার ডাক দিল কেরলের হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠন। আগামী ২৩ মার্চ, সোমবার কেরলজুড়ে সমস্ত হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধর্মঘটের ফলে দক্ষিণের এই রাজ্যে পর্যটন থেকে শুরু করে জনজীবন— সবক্ষেত্রেই বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
কালোবাজারি ও কর্মী ছাঁটাইয়ের অভিযোগ সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক না হওয়ায় একদল অসাধু ব্যবসায়ী ও বেসরকারি সংস্থা চড়া দামে সিলিন্ডার বিক্রি করছে। একদিকে যেমন গ্যাসের আকাল, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে কালোবাজারি। এর জেরে ধুঁকছে কয়েক হাজার ছোট-বড় রেস্তোরাঁ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ হোটেল কর্মী কাজ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কাল, বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
সরকারের দাবি: উৎপাদন বেড়েছে ৩০ শতাংশ এদিকে, এই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক স্তরে তৎপরতা শুরু করেছে মোদী সরকার। মঙ্গলবার বোম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্যাসের চাহিদা মেটাতে ৫ মার্চ থেকে এলপিজি উৎপাদন প্রায় ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, বটলিং প্ল্যান্টগুলিতে কাজ বাড়ানো হয়েছে এবং সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।
আতঙ্ক বনাম বাস্তবতা দেশের একাধিক শহরে গ্যাস এজেন্সির সামনে দীর্ঘ লাইন এবং বুকিংয়ে দেরি হওয়ার খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এমনকি এর প্রভাব পড়ছে ধর্মীয় ক্ষেত্রগুলোতেও— বন্ধ হতে চলেছে বড়মার মন্দিরের ভোগ প্রসাদ বিতরণ। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে। এখন প্রশ্ন হলো, সরকারি এই আশ্বাসে কি চিঁড়ে ভিজবে? নাকি ২৩ তারিখের ধর্মঘট ঘিরেই উত্তাল হবে গোটা দেশ?