সুখোই-এর চোখে এবার ‘বিরূপাক্ষ’ নজর! শত্রুবিমান ধরাশায়ী করতে প্রস্তুত ভারতের দেশীয় রাডার

ভারতীয় বায়ুসেনার আকাশসীমা রক্ষায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে। বর্তমানে বায়ুসেনার কাছে থাকা প্রায় ২৮০টি Su-30MKI যুদ্ধবিমানের মধ্যে ১৮৪টিকে ‘সুপার সুখোই’ প্রকল্পের আওতায় আধুনিকীকরণ করা হচ্ছে। এই প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ডিআরডিও-র ল্যাব এলআরডিই (LRDE) দ্বারা নির্মিত বিরূপাক্ষ এইসা (AESA) রাডার।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই রাডারটির নকশা তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন প্রোটোটাইপ তৈরির কাজ চলছে। তেজস যুদ্ধবিমানের ‘উত্তম’ রাডারের থেকে এটি অনেক বেশি শক্তিশালী ও উন্নত। বিরূপাক্ষ রাডারে প্রায় ২,৪০০টি ট্রান্সমিট-রিসিভ (TR) মডিউল রয়েছে এবং এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক গ্যালিয়াম নাইট্রাইড (GaN) প্রযুক্তি। ফলে এটি অনেক কম তাপ উৎপন্ন করবে এবং অনেক বেশি দূর থেকে শত্রুর স্টিলথ বিমান বা ড্রোন শনাক্ত করতে সক্ষম হবে।
এই প্রকল্পে হ্যাল (HAL) এবং এলঅ্যান্ডটি (L&T)-র মতো বড় সংস্থাগুলি যুক্ত রয়েছে। ইতিমধ্যেই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এর ‘ফার্স্ট লাইট’ পরীক্ষা সফল হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৮ সালের শুরুর দিকে সুখোই বিমানে এই রাডার বসিয়ে উড্ডয়ন পরীক্ষা (Flight Test) শুরু হবে। এই রাডার যুক্ত হলে রাশিয়ার পুরনো পেসা (PESA) রাডারের তুলনায় ভারতীয় সুখোই বহর বহুগুণ শক্তিশালী হয়ে উঠবে।