বিজেপি পাল্টে গিয়েছে, সব হিসেব হবে! শশী পাঁজার পর কার বাড়ি লক্ষ্য? বিস্ফোরক দিলীপ ঘোষ

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই সরগরম বাংলা। গত রবিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার দিন কলকাতার গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই প্রসঙ্গেই বিতর্কিত মন্তব্য করে বসেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি প্রকাশ্যেই বলেন, “শশী পাঁজার বাড়িতে হামলা হতে পারে, কালীঘাটেও হামলা হতে পারে… আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন।”

দিলীপের এই ‘হুমকি’র ভিডিও ক্লিপিং সহ দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারকে ৫ পাতার চিঠি পাঠিয়েছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। তৃণমূলের দাবি, দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে হিংসায় উস্কানি দিচ্ছেন। অন্যদিকে, এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়্যারের সভা থেকে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “বুকের পাটা থাকলে দেখা, সব ক’টাকে লড়ে নেব।”

বিজেপি শিবিরের দাবি, তৃণমূলের গুন্ডামির পাল্টাই দিচ্ছে বিজেপি। দিলীপের কথায়, “এতদিন যা মারপিট করেছেন, সব হিসেব হবে।” তবে ভোটের মুখে কালীঘাট বা মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে এহেন মন্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ওপর বাড়তি চাপ তৈরি করবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।