মাঝসমুদ্রে ‘মাস্টারস্ট্রোক’! চীনকে ঝটকা দিয়ে ভারতের পথে ৭টি রুশ তেলবাহী জাহাজ, নেপথ্যে কি আমেরিকার সবুজ সংকেত?

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝে এক আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল ভারত মহাসাগর। গত জানুয়ারি মাসে রাশিয়ার বাল্টিক সাগর থেকে উরালস ক্রুড অয়েল (Urals Crude) নিয়ে চীনের রিজাও বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘অ্যাকুয়া টাইটান’ নামের আফ্রাম্যাক্স জাহাজটি। কিন্তু মার্চের মাঝামাঝি দক্ষিণ চীন সাগরে পৌঁছেই হঠাৎ গতিপথ বদলে ভারতের দিকে রওনা দেয় সেটি। আগামী ২১ মার্চ কর্নাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছানোর কথা জাহাজটির।
এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে তৈরি হওয়া আন্তর্জাতিক অস্থিরতা। ইরান ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz) কার্যত বন্ধ করে দেওয়ায় মধ্যপ্রাচ্য থেকে ভারতের তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে একটি বিশেষ ‘ওয়েভার’ বা ছাড় দিয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই ময়দানে নেমেছে ইন্ডিয়ান অয়েল এবং রিলায়েন্সের মতো বড় সংস্থাগুলি। গত এক সপ্তাহেই প্রায় তিন কোটি ব্যারেল রুশ তেল কেনার বরাত চূড়ান্ত হয়েছে।
পরিসংখ্যান বলছে, শুধু একটি জাহাজ নয়, চীনের দিকে যাওয়া অন্তত সাতটি রুশ তেলের ট্যাঙ্কার মাঝপথে দিক পরিবর্তন করে ভারতের দিকে আসছে। এর ফলে চীনের বাজারে তেলের জোগান কিছুটা কমলেও, ভারতের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা কয়েক গুণ মজবুত হলো। ভারতের দৈনিক ৫ মিলিয়ন ব্যারেল তেলের চাহিদা মেটাতে রাশিয়ার এই উরালস ক্রুড যেমন সস্তা, তেমনই বর্তমান পরিস্থিতিতে নির্ভরযোগ্য।