নির্বাচনী বিধি চলতেই আলিপুরদুয়ারে টাকার পাহাড়! অসমের রেশন ডিলারের গাড়ি থেকে উদ্ধার নোটের বান্ডিল

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। বুধবার সকালে আলিপুরদুয়ারে নাকা চেকিং চলাকালীন অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালাতেই গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় থরে থরে ৫০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গাড়ির মালিকের নাম বিকেন ঈশ্বরারি। তিনি অসমের একজন রেশন ডিলার এবং সুপারির ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার স্ত্রীকে নিয়ে আলিপুরদুয়ারে এসেছিলেন তিনি। বুধবার সকালে হোটেল থেকে বেরনোর সময় স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের তল্লাশিতে ধরা পড়েন তিনি। যদিও ব্যবসায়ীর দাবি, তিনি মাঝেমধ্যেই আলিপুরদুয়ারে শপিং করতে আসেন এবং উদ্ধার হওয়া টাকা তাঁর নিজস্ব উপার্জনের।

তবে নির্বাচনের মুখে এভাবে ভিনরাজ্য থেকে বিপুল টাকা এ রাজ্যে ঢোকায় সন্দেহ দানা বেঁধেছে। নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, ভোটের সময় রাজনৈতিক দলগুলির খরচ নিয়ন্ত্রণ এবং বেআইনি লেনদেন রুখতেই এই নজরদারি। এই টাকার উৎস কী এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির গোপন চেম্বার খুলে আরও তল্লাশি চালানো হচ্ছে।