বাংলার সৈকতে রহস্যময় ‘যুদ্ধবিমান’! বকখালিতে উদ্ধার লাল-হলুদ ড্রোন ঘিরে যুদ্ধের আতঙ্ক

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিল দুটি রহস্যময় ড্রোন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বকখালির অদূরে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে একটি বিশালাকার লাল-হলুদ রঙের ড্রোন উদ্ধার করেন স্থানীয় মৎস্যজীবীরা। জেট বিমানের আদলে তৈরি এই ড্রোনটির ভেতরে জটিল ইলেকট্রনিক যন্ত্রাংশ ও তারের বিন্যাস দেখে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, এটি আসলে একটি চালকবিহীন জেট ইঞ্জিন চালিত ড্রোন (Target Drone), যা সাধারণত বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। ভারতীয় নৌবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী শত্রু বিমানের গতিবিধি অনুকরণ করে মহড়া দেওয়ার কাজে এটি ব্যবহার করে থাকে। তবে সুরক্ষিত সামরিক সরঞ্জাম কীভাবে পর্যটন কেন্দ্রের এত কাছে লোকালয়ে চলে এল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

অন্যদিকে, একই দিনে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা এলাকার একটি ধানখেত থেকেও একটি বড় আকারের ড্রোন উদ্ধার হয়েছে। ভোররাতে উদ্ধার হওয়া এই ড্রোনটি কোথা থেকে এল এবং কেনই বা ধানখেতে আছড়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ। বিদেশের যুদ্ধের আবহে বাংলার আকাশে একের পর এক ড্রোনের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের আশঙ্কা ও কৌতূহল দুই-ই বাড়ছে।